
যারা হুন্ডাইয়ের নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য দুঃসংবাদ। হুন্ডাই মোটর ইন্ডিয়া জানিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ভারতে তাদের সব মডেলের গাড়ির দাম ১ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, কাঁচামাল এবং পরিবহণের খরচ বেড়ে যাওয়াই এই দাম বাড়ানোর মূল কারণ। আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণেও সংস্থার খরচের উপর চাপ বাড়ছে। হুন্ডাই জানিয়েছে, তারা যতটা সম্ভব বাড়তি খরচের বোঝা নিজেদের কাঁধে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্রমাগত খরচ বাড়তে থাকায় এর একাংশ ক্রেতাদের উপর চাপাতে বাধ্য হচ্ছে।
মডেল অনুযায়ী দামের ফারাক হবে
হুন্ডাইয়ের সবচেয়ে সস্তার মডেল গ্র্যান্ড আই১০ নিওস থেকে শুরু করে প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভি আয়োনিক ৫ পর্যন্ত সব গাড়ির ক্ষেত্রেই এই নতুন দাম কার্যকর হবে। বর্তমানে হুন্ডাই গাড়ির দাম শুরু হচ্ছে প্রায় ৫.৬০ লক্ষ টাকা থেকে, যা ৫৫.৭০ লক্ষ টাকা পর্যন্ত যায়। তবে সেপ্টেম্বরে ঠিক কত টাকা দাম বাড়বে, তা নির্ভর করবে নির্দিষ্ট মডেল এবং তার ভ্যারিয়েন্টের উপর।
২০২৬ সালে তৃতীয়বার দাম বৃদ্ধি
উল্লেখ্য, ২০২৬ সালে এই নিয়ে তৃতীয়বার গাড়ির দাম বাড়াতে চলেছে হুন্ডাই। এর আগে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে সংস্থাটি গাড়ির দাম প্রায় ০.৬ শতাংশ বাড়িয়েছিল। এরপর এপ্রিলে আবার ১ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা করা হয়, যা ১ জুন থেকে কার্যকর হয়। সেই সময় মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়ির দাম ১২,৮০০ টাকা পর্যন্ত বেড়েছিল।
রপ্তানিতেও ধাক্কা
চলতি বছরে হুন্ডাইয়ের ব্যবসায় একাধিক চ্যালেঞ্জ এসেছে। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) সংস্থার রপ্তানিতে বড়সড় পতন দেখা গিয়েছে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত এবং সংস্থার অন্যতম সরবরাহকারী 'মোবিস'-এর কারখানায় আগুন লাগার কারণে উৎপাদনে সাময়িকভাবে প্রভাব পড়েছিল। এর ছাপ পড়েছে রপ্তানির পরিসংখ্যানেও।
রপ্তানি কমেছে ১৯.৬%
গত অর্থবর্ষের একই সময়ে হুন্ডাই ৪৮,১৪০টি গাড়ি রপ্তানি করেছিল। কিন্তু ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৮,৭০৮ ইউনিটে। অর্থাৎ, রপ্তানি প্রায় ১৯.৬% কমেছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তার কথা মাথায় রেখেই সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হুন্ডাই জানিয়েছে।