
ভারতে ইলেকট্রিক গাড়ির চাহিদা যেভাবে বাড়ছে, তাতে নতুন মডেল নিয়ে হাজির হচ্ছেন গাড়ি প্রস্তুতকারকরা। টাটা, মাহিন্দ্রা, রেনো, হোন্ডা, ভিনফাস্টের মতো কোম্পানিগুলো আগামী কয়েক বছরে নতুন ইলেকট্রিক এসইউভি আনার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে থাকা মডেলগুলোর ইলেকট্রিক ভার্সনের পাশাপাশি নতুন ডিজাইন এবং টেকনোলজির গাড়িও বাজারে আসতে চলেছে।
১. রেনো ব্রিডজার ইভি
ভারতীয় বাজারের জন্য ব্রিডজার নামে নতুন কম্প্যাক্ট এসইউভি আনার প্ল্যান করেছে রেনো। ২০২৬ সালের মার্চ মাসে এর কনসেপ্ট প্রদর্শন করেছিল কোম্পানি। পেট্রোল, হাইব্রিড এবং ইলেকট্রিক ভার্সনে গাড়িটি আসতে পারে। ইলেকট্রিক মডেলে ৩৫ কিলোওয়াট আওয়ার এবং ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশন থাকতে পারে বলে আশা করা হচ্ছে। চার মিটারের চেয়ে কম লম্বা এবং ২০০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এই গাড়ির প্রোডাকশন ভার্সন ২০২৭ সালের শেষের দিকে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
২. নতুন প্রজন্মের টাটা নেক্সন ইভি
গরুড় নামক একটি গোপন প্রোজেক্টের অধীনে নতুন প্রজন্মের নেক্সন ইভি তৈরি করছে টাটা মোটরস। টেস্ট ড্রাইভের সময় গাড়ির ইলেকট্রিক ভার্সন দেখাও গিয়েছে। এর বাইরের এবং ভেতরের ডিজাইনে বড়সড় পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। গাড়িতে নতুন ড্যাশবোর্ড এবং উন্নত ফিচার থাকতে পারে। ২০২৭ সালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মডেলের ব্যাটারি এবং রেঞ্জ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
৩. মাহিন্দ্রা থার ইলেকট্রিক
গাড়ির দুনিয়ায় মাহিন্দ্রা থার ইলেকট্রিক নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। ২০২৩ সালে থার.ই কনসেপ্ট এবং ২০২৫ সালে ভিশন টি কনসেপ্ট নিয়ে এসেছিল কোম্পানি। টেস্ট ড্রাইভের সময়ও গাড়িটি চোখে পড়েছে। একটি শক্তিশালী এসইউভি লুকের সঙ্গে প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত সুবিধার আশা করা হচ্ছে। মাহিন্দ্রার এনইউ.আইকিউ আর্কিটেকচারের উপর ভিত্তি করেই এটি তৈরি করা হবে। প্রোডাকশন ভার্সন পুরোপুরি ইলেকট্রিক হবে কিনা, তা নিয়ে কোনও অফিশিয়াল কনফারমেশন এখনও নেই।
৪. হোন্ডা আলফা
ভারতে তৈরি প্রথম ইলেকট্রিক এসইউভি আলফা আনতে চলেছে হোন্ডা। ২০২৫ সালের আলফা কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি মডেলটি ২০২৬ সালের ২ ডিসেম্বর গ্লোবাল লেভেলে লঞ্চ করা হবে বলে খবর। এটি রাজস্থানের তাপুকড়াতে তৈরি করা হবে। কুপে স্টাইলের ছাদ এবং আধুনিক ফ্রন্ট ডিজাইন গাড়ির মূল আকর্ষণ হবে। ৬৫ থেকে ৭৫ কিলোওয়াট আওয়ারের এলএফপি ব্যাটারি এবং সামনের দিকের ইলেকট্রিক মোটরের আশা করা হচ্ছে।
৫. ভিনফাস্ট ভিএফ৫
ভিয়েতনামের গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভিনফাস্ট ভারতের বাজারে সাশ্রয়ী দামের ইলেকট্রিক এসইউভি হিসেবে ভিএফ৫ আনতে পারে। ফেসলিফ্ট ভার্সনে থাকতে পারে নতুন ফ্রন্ট, স্লিম হেডল্যাম্প, নতুন বাম্পার এবং এলইডি টেল ল্যাম্প। কেবিনে একটি বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং নতুন স্টিয়ারিং হুইল থাকার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক বাজারে ২৯.৬ কিলোওয়াট আওয়ার এবং ৩৭.২৩ কিলোওয়াট আওয়ার - এই দুটি ব্যাটারি অপশনে গাড়িটি পাওয়া যায়। এদের যথাক্রমে ২৬৮ কিলোমিটার এবং ৩২৬ কিলোমিটার এনইডিসি রেঞ্জ রয়েছে। এই পাঁচটি মডেল বাজারে এলে ভারতের ইলেকট্রিক এসইউভি সেগমেন্টে প্রতিযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।