Aadhaar Not Mandatory: আধার কার্ড না থাকলেও মিলবে সরকারি পরিষেবা! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published : Nov 17, 2026, 10:15 AM IST

Aadhaar Not Mandatory: আধার কার্ড কি আর বাধ্যতামূলক নয়? আধার ছাড়াই সরকারি পরিষেবা পেতে বিকল্প পরিচয়পত্র ব্যবহারের অনুমতি দিয়েছে দিল্লি, তামিলনাড়ু-সহ বেশ কিছু রাজ্য। কী কী নথি গ্রহণ করা হবে এবং সাধারণ মানুষের ঠিক কী কী জানা দরকার?

PREV
15
বায়োমেট্রিক না মিললে কী করবেন?

ধরুন, একটা শংসাপত্র তোলার জন্য কোনও সরকারি অফিসে গেলেন। প্রথমেই আপনার কাছে আধার কার্ড চাওয়া হল। যদি আপনার আধার নম্বর না থাকে বা আঙুলের ছাপ না মেলে, তখন কী হবে? তাহলে কি সরকারি পরিষেবা না পেয়েই ফিরে আসতে হবে? এবার সেই সমস্যার সমাধান করতে বড়সড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।

আধার কার্ড না থাকা বা আধার যাচাইকরণে সমস্যা হলে বিকল্প পরিচয়পত্রের সাহায্যে সরকারি পরিষেবা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ঘোষণায় সাধারণ মানুষ বেশ স্বস্তি পেয়েছেন। তাহলে কি আধার কার্ডের আর কোনও দরকার নেই? শুধু ভোটার কার্ডই যথেষ্ট? পশ্চিমবঙ্গেও কি একই নিয়ম চালু হবে? অন্য রাজ্যগুলোর অবস্থা কী? আসুন জেনে নিই।

25
আধার বাধ্যতামূলক নয় - দিল্লি সরকারের সিদ্ধান্ত কী?

দিল্লি সরকারের তথ্য ও প্রযুক্তি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিফায়েড সিটিজেন ডেটা প্ল্যাটফর্মে (UCDP) আধার যাচাইকরণ এখন ঐচ্ছিক। অর্থাৎ, যাঁরা আধার কার্ড ব্যবহার করতে চান না বা প্রযুক্তিগত কারণে আধার যাচাই করতে পারছেন না, তাঁরা বিকল্প পরিচয়পত্র জমা দিতে পারবেন।

সরকার অনুমোদিত বিকল্প পরিচয়পত্রগুলো হল:

ভোটার কার্ড (Voter ID), ড্রাইভিং লাইসেন্স (Driving Licence), পাসপোর্ট, কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া অন্য কোনও সচিত্র পরিচয়পত্র। সবথেকে বড় কথা, আধার যাচাই করতে না চাইলে বা না পারলে কাউকেই পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও, আধার যাচাইকরণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তবে মনে রাখতে হবে, দিল্লি সরকারের এই বিজ্ঞপ্তির অর্থ এই নয় যে, সারা দেশের সমস্ত সরকারি পরিষেবার জন্য আধার কার্ড আর দরকার নেই। এই নিয়ম মূলত UCDP প্ল্যাটফর্মের আধার যাচাইকরণের জন্যই প্রযোজ্য।

35
অন্যান্য রাজ্যগুলোর অবস্থা কী?

দিল্লির এই ঘোষণা নজর কাড়লেও অন্যান্য রাজ্যেও আধার যাচাইকরণের ক্ষেত্রে বিকল্প পরিচয়পত্র ব্যবহারের সুযোগ রয়েছে। তবে প্রত্যেক রাজ্যে এবং বিভিন্ন দফতরে এই নিয়ম আলাদা।

তামিলনাড়ু: তামিলনাড়ুতে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৩ সালের ৩ জুন জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, তামিলনাড়ু ই-গভর্ন্যান্স এজেন্সির (TNeGA) মাধ্যমে তামিলনাড়ু সিঙ্গল সাইন-অন (TNSSO) পরিষেবাগুলোতে আধার যাচাইকরণ ঐচ্ছিক করা হয়েছে। এর পরিবর্তে ছবি-সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। আধার যাচাই করতে অস্বীকার করলেও বা করতে না পারলেও পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না।

মহারাষ্ট্র: ২০২৩ সালের ১২ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সামাজিক ন্যায় ও বিশেষ সহায়তা দফতরের নির্দিষ্ট কিছু পরিষেবায় আধার যাচাইকরণ ঐচ্ছিক করা হয়েছে। ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি বিকল্প নথি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

তেলেঙ্গানা: সরকারি কর্মী এবং চুক্তিতে কর্মরত কর্মীদের ডেটাবেস রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দিষ্ট কিছু পরিষেবায় আধার যাচাইকরণ ঐচ্ছিক হিসেবে ঘোষণা করা হয়েছে।

উত্তরাখণ্ড: পুরসভার শংসাপত্র, লাইসেন্সের ছাড়পত্র, কর সংক্রান্ত পরিষেবা এবং জনঅভিযোগ প্রতিকার পরিষেবায় আধার যাচাইকরণ ঐচ্ছিক করার অনুমতি দেওয়া হয়েছে।

45
আধার কার্ড কি আর কখনওই দরকার হবে না?

এই জায়গাতেই সাধারণ মানুষের একটা ভুল ধারণা ভাঙা দরকার। সব জায়গায় আধার কার্ড বাধ্যতামূলক না হলেও, নির্দিষ্ট কিছু সরকারি প্রকল্প এবং পরিষেবার জন্য নিয়ম অনুযায়ী আধার কার্ড লাগতে পারে।

২০১৬ সালের আধার আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, কেন্দ্র বা রাজ্য সরকারের নির্দিষ্ট কিছু ভর্তুকি, প্রকল্পের সুবিধা এবং পরিষেবা পাওয়ার জন্য আধার যাচাইকরণ চাওয়া যেতে পারে। একই সঙ্গে, আইনে এও বলা হয়েছে যে, যাদের আধার নম্বর নেই, তাদের বিকল্প পরিচয়পত্র ব্যবহারের সুযোগ দিতে হবে। প্রযুক্তিগত ত্রুটি বা আঙুলের ছাপ না মেলার ক্ষেত্রেও বিকল্প পরিচয়পত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে।

55
সাধারণ মানুষের কী জানা দরকার?

দিল্লি সরকারের ঘোষণা বা তামিলনাড়ুর আগে জারি করা বিজ্ঞপ্তি—এই সবকিছুই একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার যাচাইকরণই একমাত্র উপায় যাতে না হয়, সেই চেষ্টাই বাড়ছে।

তার মানে এই নয় যে আধার কার্ড ছুড়ে ফেলে দেওয়া যায়, বা এরপর আর কোনও সরকারি অফিসে আধার কার্ড চাওয়া হবে না। কোন দফতরের কোন পরিষেবায় কোন পরিচয়পত্র নেওয়া হবে, সেটা সেই রাজ্যের বিজ্ঞপ্তি এবং প্রকল্পের নিয়মের ওপর নির্ভর করে।

মোদ্দা কথা হল, শুধু আধার কার্ড না থাকার জন্য যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেটাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories