
নয়াদিল্লি: ভারতে অ্যাপল আইফোনের (iPhone) বিক্রিতে বড়সড় পতন। মানি কন্ট্রোলের (Moneycontrol) রিপোর্ট বলছে, এবারের উৎসবের মরশুমে আইফোন বিক্রি প্রায় ৩০ শতাংশ কমেছে। ব্যবসায়ীদের ধারণা, আসন্ন দীপাবলির সময়েও এই মন্দা চলবে। সম্প্রতি আইফোনের দাম বাড়া এবং ক্রেতাদের জন্য তেমন কোনও আকর্ষণীয় অফার না থাকাই অ্যাপলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
২০২৫ সালে যেখানে রেকর্ড ১.৪৩ কোটি আইফোন বিক্রি হয়েছিল, সেখানে ২০২৬ সালে বিক্রির গ্রাফ অনেকটাই নিচের দিকে নামবে বলে মনে করা হচ্ছে। আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro) সিরিজ এবং নতুন আইফোন ডুয়ো (iPhone Duo) বাজারে আসার পরেও এই পতন বেশ চিন্তার বিষয়।
চড়া দাম ও অফারের অভাব: পুরনো ও নতুন, দুই ধরনের ফোনেরই দাম বেড়েছে। সেই সঙ্গে উৎসবের ডিসকাউন্ট বা ফাইন্যান্স অফারও এবার বেশ কম। ফলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
বেস মডেল না থাকা: সেপ্টেম্বরে নতুন বেস মডেল 'আইফোন ১৮' (iPhone 18) বাজারে না আসায় উৎসবের বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে।
দীর্ঘদিন ব্যবহারের প্রবণতা: পুরনো আইফোনগুলো এখনও বেশ ভালো সার্ভিস দিচ্ছে। তাই ক্রেতারা চট করে নতুন মডেলে আপগ্রেড করতে চাইছেন না।
উৎসবের মরশুমের কথা মাথায় রেখে রিটেলার ও ডিস্ট্রিবিউটররা প্রচুর স্টক তুলেছিলেন। কিন্তু বিক্রি কমে যাওয়ায় আইফোন ১৫, ১৬ এবং ১৭ সিরিজের মতো পুরনো মডেলগুলো অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। মুদ্রাস্ফীতি ও আমদানির সমস্যার কারণে ব্যবসায়ীদের বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
অন্যদিকে, সদ্য লঞ্চ হওয়া আইফোন ১৮ প্রো, প্রো ম্যাক্স এবং আইফোন ডুয়োর স্টকে ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। ভারতে শুরুতে মাত্র ৭,০০০ আইফোন ডুয়ো বিক্রির জন্য আনা হয়েছিল। যে ব্যবসায়ীরা ১০০টি ফোনের অর্ডার দিয়েছিলেন, তাঁরা হাতে পেয়েছেন মাত্র ৫ থেকে ৭টি।
ভারতে আইফোন ডুয়োর দাম শুরু হচ্ছে ২,৯৯,৯০০ টাকা থেকে। অথচ আমেরিকায় কর ছাড়া এর দাম মাত্র ১,৯৯৯ ডলার (প্রায় ১.৬৮ লক্ষ টাকা)। ক্রেতারা এই ফোনটি হাতে পেতে ২৫,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেশি দাম দিতেও রাজি। আর এর জেরেই দুবাই থেকে 'গ্রে-মার্কেট' (Grey-market) বা চোরাপথে আমদানি বাড়ছে।
অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার্স অ্যাসোসিয়েশন (AIMRA)-এর অভিযোগ, নতুন ফোন পেতে হলে ডিস্ট্রিবিউটররা ব্যবসায়ীদের পুরনো মডেল কিনতেও বাধ্য করছেন। এই বিষয়ে অ্যাপল ইন্ডিয়াকে (Apple India) তদন্ত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
উৎসবের মরশুমে বিক্রি কমলেও, ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অ্যাপল এখনও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। জুন ত্রৈমাসিকের আইডিসি (IDC) রিপোর্ট অনুযায়ী, মূল্যের নিরিখে ভারতের স্মার্টফোন বাজারের ২৭ শতাংশ শেয়ার এখনও অ্যাপলের দখলেই রয়েছে।
এদিকে, বিশ্বজুড়ে কিছু ক্রেতা অভিযোগ করেছেন যে আইফোন ডুয়োর ভেতরের স্ক্রিন ফেটে যাচ্ছে। অ্যাপল এই ত্রুটির কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে অ্যাপলকেয়ার (AppleCare)-এর মাধ্যমে এটি বদলে দেওয়া হবে। তবে ভারতে এখনও পর্যন্ত এমন কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।