
EPF Interest: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পিএফ অ্যাকাউন্টে সুদ জমা দেওয়া শুরু করেছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি EPF আমানতের উপর ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয়। এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি EPFO গ্রাহক উপকৃত হবেন।
অনেক গ্রাহকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই সুদের টাকা ঢুকে গিয়েছে এবং তাঁরা SMS-এর মাধ্যমে সেই খবর পেয়েও গিয়েছেন। তবে, কিছু গ্রাহকের অ্যাকাউন্টে এখনও সুদের টাকা জমা পড়েনি। আবার অনেকে EPFO-র থেকে কোনও মেসেজ না পাওয়ায় বিভ্রান্তির মধ্যে রয়েছেন।
EPFO জানিয়েছে যে, সুদ জমা দেওয়ার প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পূর্ণ করা হচ্ছে। সব গ্রাহকের অ্যাকাউন্টে একদিনে টাকা জমা করা হয় না। যেহেতু অ্যাকাউন্টের সংখ্যা অনেক বেশি, তাই এই কাজটি ব্যাচ অনুযায়ী (Batch-wise) করা হয়। সেই কারণে কিছু গ্রাহকের অ্যাকাউন্টে সুদ জমা হতে কিছুটা সময় লাগতে পারে। একইভাবে, টাকা জমা হওয়ার পর SMS আসতেও কয়েকদিন দেরি হতে পারে।
অনেক গ্রাহক অভিযোগ করেছেন যে, তাঁদের কাছে সুদ জমা হওয়ার কোনও মেসেজ এখনও আসেনি। আসলে, EPFO সমস্ত অ্যাকাউন্টের তথ্য পর্যায়ক্রমে আপডেট করছে। বিশেষজ্ঞদের মতে, গ্রাহকদের এর জন্য কিছুদিন অপেক্ষা করা উচিত। অনেক সময় অ্যাকাউন্টের তথ্য আপডেট হতে এবং SMS অ্যালার্ট আসতে কিছুটা সময় লেগে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের প্রথমে নিজেদের ইপিএফ অ্যাকাউন্টের তথ্য যাচাই করে নেওয়া উচিত। এর মধ্যে রয়েছে ইপিএফ পাসবুক, ইউএএন অ্যাক্টিভেশন (UAN Activation), কেওয়াইসি (KYC) তথ্য আপডেট করা আছে কিনা এবং আপনার সংস্থা বা Employer নিয়মিত টাকা জমা করছে কিনা, তা নিশ্চিত করতে হবে। এই সব তথ্য ঠিক থাকার পরেও যদি অ্যাকাউন্টে সুদের টাকা না দেখা যায়, তাহলে গ্রাহকরা EPFO-র কাছে অনলাইনে অভিযোগ জানাতে পারেন।
EPFO প্রতিটি অর্থবর্ষের সুদ গ্রাহকদের অ্যাকাউন্টে একবারে জমা করে। এই বছর গত কয়েক বছরের তুলনায় প্রক্রিয়াটি তাড়াতাড়ি শুরু করা হয়েছে। যে সব গ্রাহকের অ্যাকাউন্টে এখনও সুদ জমা হয়নি, তাঁদের তাড়াহুড়ো না করে কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছে। তারপরেও যদি অ্যাকাউন্টে টাকা না দেখা যায়, তাহলে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।