
আপনার EPF অ্যাকাউন্টে Nominee কে আছেন, শেষ কবে চেক করেছেন? বিয়ে বা সন্তান হওয়ার পর Nominee-এর তথ্য না বদলালে আপনার পুরনো nomination বাতিল হয়ে যেতে পারে। পরিবার থাকলে কাকে Nominee করা যায়, জানুন EPFO-র গুরুত্বপূর্ণ নিয়ম।
চাকরিজীবীদের জন্য EPF শুধু সঞ্চয় নয়, পরিবারের ভবিষ্যতের সুরক্ষাও। কিন্তু অনেকেই একবার nomination করে আর খোঁজ রাখেন না। অথচ আপনার জীবনে বড় পরিবর্তন, যেমন বিয়ে বা সন্তানের জন্ম হলে, EPFO-র নিয়ম অনুযায়ী আপনার পুরনো nomination-ই বাতিল হয়ে যেতে পারে, আর তখন পরিবারকে PF-এর টাকা তুলতে গিয়ে চরম হয়রানির মুখে পড়তে হতে পারে। তাই Nominee-এর তথ্য বদলে গেলে UAN-এ nomination একবার দেখে নেওয়া অত্যন্ত জরুরি।
EPFO-র নিয়মটা খুব স্পষ্ট। EPFO বলছে, যদি কোনও সদস্যের পরিবার থাকে, তাহলে nomination অবশ্যই পরিবারের এক বা একাধিক সদস্যের নামেই করতে হবে। এখানে পরিবার বলতে স্বামী বা স্ত্রী, ছেলে-মেয়ে, মৃত ছেলের বিধবা স্ত্রী ও সন্তান, এবং বাবা-মাকে বোঝায়। অবিবাহিত পুরুষ সদস্যের ক্ষেত্রে ভাই-বোন বা অন্যরাও পরিবারের মধ্যে পড়েন। পরিবার থাকতে আপনি চাইলেই বাইরের কোনও বন্ধু বা দূর সম্পর্কের আত্মীয়কে ১০০% nominee করতে পারবেন না।
অনেকেই প্রশ্ন করেন, তাহলে পরিবার না থাকলে কী হবে? যদি আপনার পরিবার না থাকে, তখন আপনি যে কাউকে nominee করতে পারেন। কিন্তু EPFO-র শর্ত হল, পরে যখন আপনার পরিবার তৈরি হবে, যেমন বিয়ে করলেন, তখন আপনার আগের সেই nomination আর বৈধ থাকবে না। পুরনো nomination স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তখন আপনাকে নতুন করে পরিবারের সদস্যদের নামে আবার e-Nomination করতে হবে।
এই ভুলটা অনেকেই করেন। কেউ ব্যাচেলর থাকাকালীন মা বা ভাইকে nominee করে রেখেছেন, বিয়ের পরেও সেটা আপডেট করেননি। EPFO-র খাতায় তখন nomination অবৈধ হয়ে আছে। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে স্ত্রী বা সন্তান টাকা পেতে গেলে ক্লেম আটকে যাবে। তাই আজই UAN পোর্টালে লগইন করে e-KYC এর পাশে e-Nomination অপশনে গিয়ে দেখে নিন আপনার nominee কে আছেন এবং শতাংশ ঠিক আছে কিনা। তথ্য বদলে থাকলে নতুন করে আপডেট করে নিন, এতে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারই সুরক্ষিত থাকবে।