
অনলাইন কুইক-কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কিটের মাধ্যমে 'নিম্নমানের' ডিম বিক্রি করার অভিযোগে শুক্রবার সংস্থাটিকে নোটিস পাঠিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সূত্রের খবর, M/S Blink Commerce Private Limited-এর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই ব্লিঙ্কিটের সরবরাহ করা ডিমের মান নিয়ে অভিযোগ আসছিল। গ্রাহকদের অভিযোগ, তাদের কাছে যে ডিম পৌঁছাচ্ছে, তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, রাবারের মতো শক্ত এবং দেখতেও প্লাস্টিকের মতো। এই ডিমগুলো মানুষের খাওয়ার একেবারেই অযোগ্য। এই সব অভিযোগ খতিয়ে দেখেই FSSAI ব্যবস্থা নিয়েছে।
সূত্রের খবর, ব্লিঙ্কিট কে এই বিষয়ে একটি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। Eternal-এর অধীনস্থ এই সংস্থাকে চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে একটি বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ই-কমার্স ফুড বিজনেস অপারেটর হিসেবে তাদের কী কী দায়িত্ব, তা তারা পালন করছে কিনা, সেই বিষয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে। FSSAI জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পেলে খাদ্য সুরক্ষা আইন, ২০০৬ (FSS Act 2006) অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিস নিয়ে ব্লিঙ্কিট এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
ব্লিঙ্কিট হল Eternal-এর অধীনস্থ একটি ভারতীয় কুইক-কমার্স (q-commerce) প্ল্যাটফর্ম। এটি অর্ডার করার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে মুদিখানার জিনিস, তাজা সবজি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। ২০১৩ সালে 'গ্রোফার্স' (Grofers) নামে এই সংস্থাটি তৈরি হয়েছিল। ২০২১ সালে এর নাম বদলে ব্লিঙ্কিট রাখা হয় এবং ২০২২ সালে জোম্যাটো (Zomato) এটিকে কিনে নেয়। এই প্রতিবেদন লেখার সময়, Eternal-এর শেয়ার দর ছিল ২৪১.৯৮ টাকা, যা ৩.৮৪ টাকা বা (-১.৫৬%) কম।