
জ্বালানি ও বিদ্যুতের দাম একধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরের ১১.৩৯ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে পাইকারি মূল্যস্ফীতি ১২.২৯ শতাংশে পৌঁছাল। সোমবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে মূল্যস্ফীতি আগের মাসের ২৫.৮৫ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৩২.৮৪ শতাংশে দাঁড়িয়েছে। প্রাথমিক পণ্যের মূল্যস্ফীতি ৮.৬৭ শতাংশ থেকে বেড়ে ৯.২৪ শতাংশ হয়েছে। তবে, উৎপাদিত পণ্যের মূল্যস্ফীতি ৯.৭৬ শতাংশ থেকে সামান্য কমে ৯.৫৪ শতাংশে নেমে এসেছে।
মন্ত্রক জানিয়েছে, খনিজ তেল, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, খাদ্যদ্রব্য, সাধারণ ধাতু, রাসায়নিক এবং প্রক্রিয়াজাত খাবারের দাম এই মাসে পাইকারি মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ ছিল। জ্বালানি ও বিদ্যুৎ খাতের মধ্যে, অপরিশোধিত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৫৭.৩২ শতাংশ থেকে লাফিয়ে অক্টোবরে ৭০.৮০ শতাংশে পৌঁছেছে। খনিজ তেলের মূল্যস্ফীতি ৪০.০২ শতাংশ থেকে বেড়ে ৪৫.৫৭ শতাংশ হয়েছে। অন্যদিকে বিদ্যুতের দামে ৮.০৬ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে, যা আগের মাসে ০.৪৩ শতাংশ ঋণাত্মক ছিল। প্রাথমিক খাদ্যপণ্যে মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৮.১৪ শতাংশ থেকে বেড়ে ৮.২৬ শতাংশে দাঁড়িয়েছে।
তবে সামগ্রিক ডব্লিউপিআই ফুড ইনডেক্স বা খাদ্য সূচকে (যাতে খাদ্যদ্রব্য এবং প্রক্রিয়াজাত খাদ্য অন্তর্ভুক্ত) মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ৮.৫৮ শতাংশ, যা আগের মাসের ৮.৬৬ শতাংশের তুলনায় কিছুটা কম। উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, সাধারণ ধাতুর মূল্যস্ফীতি ১৬.৯৬ শতাংশ থেকে বেড়ে ১৭.২১ শতাংশ হয়েছে। রাসায়নিক ও রাসায়নিক পণ্যের মূল্যস্ফীতি ১৬.৭৪ শতাংশ থেকে বেড়ে ১৭.৫৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৯.৪৪ শতাংশ থেকে কমে ৯.২৪ শতাংশ হয়েছে।
চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে সামগ্রিক পাইকারি মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০.১৪ শতাংশে, যা আগের আর্থিক বছরের একই সময়ে ০.৩০ শতাংশ ঋণাত্মক ছিল। এই সময়ে জ্বালানি ও বিদ্যুতের মূল্যস্ফীতি ছিল ২৬.৩৭ শতাংশ, আর উৎপাদিত পণ্যে রেকর্ড করা হয়েছে ৮.৩৭ শতাংশ। মন্ত্রক জানিয়েছে, অক্টোবরের এই ডব্লিউপিআই পরিসংখ্যান আপাতত সাময়িক এবং এটি ৮১.১ শতাংশ ওয়েটেড রেসপন্স রেটের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।