
প্রযুক্তি দুনিয়ায় কর্মসংস্থান নিয়ে নতুন উদ্বেগ। মাইক্রোসফট ও গুগলের পর এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। তবে শুধু চাকরি ছাড়ার প্রস্তাব নয়, এর সঙ্গে রয়েছে মোটা অঙ্কের আর্থিক প্যাকেজ এবং দীর্ঘ সময়ের বেতনের সুবিধা। এমনই দাবি ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ফরাসি সংবাদমাধ্যম 'লা লেত্র'-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে কর্মীদের জন্য Voluntary Exit Option বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ আনছে মেটা। ফ্রান্সে সংস্থাটির প্রায় ৩০০ জন কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১০০ জন এই পরিকল্পনার আওতায় আসতে পারেন বলে খবর। তবে কোন কোন বিভাগের কর্মীরা এই সুযোগ পাবেন, তা এখনও স্পষ্ট নয়। ৫ নভেম্বরের মধ্যে আগ্রহী কর্মীদের আবেদন জমা দেওয়ার সময়সীমা রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেটার প্রস্তাবিত প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় দিক হল আর্থিক সুবিধা। প্রতিবেদন অনুযায়ী, কোনও কর্মী যত বছর সংস্থায় কাজ করেছেন, সেই প্রতি বছরের জন্য ২.১৫ মাসের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হতে পারে। পাশাপাশি থাকছে আরও একটি বড় সুবিধা। ১০ মাসের মোবিলিটি লিভ। এই সময় মোট বেতনের ৮০ শতাংশ পাওয়ার সুযোগ। পেশাগত পুনঃপ্রশিক্ষণের সহায়তা। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সাহায্যের বিষয়টিও বিবেচনায় রয়েছে। অর্থাৎ, চাকরি ছাড়ার পরেও দীর্ঘ সময় আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
শুধু মেটা নয়, এর আগেই কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট ও গুগল। মাইক্রোসফট আমেরিকা, কানাডা, ভারত এবং ব্রিটেনের নির্দিষ্ট বিভাগে যোগ্য কর্মীদের জন্য Voluntary Exit Offer ঘোষণা করেছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, ৬০ হাজার পর্যন্ত যোগ্য কর্মী এই কর্মসূচির আওতায় আসতে পারেন। অন্যদিকে, গুগলও ফ্রান্স-সহ পাঁচটি দেশে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছে।
প্রযুক্তি সংস্থাগুলির এই সিদ্ধান্তের পিছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে বিপুল বিনিয়োগ। মেটা ২০২৬ সালের এপ্রিল মাসে প্রায় ৮ হাজার পদ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। যা সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশ। মে মাসে প্রায় ৭ হাজার কর্মীকে AI-সংক্রান্ত কাজে পুনর্বিন্যাস করার সিদ্ধান্তও নেয় সংস্থাটি। মেটার সিইও মার্ক জুকারবার্গের বক্তব্য অনুযায়ী, AI-এর সাহায্যে এখন এমন অনেক কাজ একজন কর্মী করতে পারছেন, যার জন্য আগে বড় টিমের প্রয়োজন হত। ফলে একদিকে AI-তে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে বদলে যাচ্ছে বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলির কর্মী কাঠামো।