
আন্তর্জাতিক জ্বালানি বাজারের ধাক্কা সামলেও ভারতের অর্থনীতির শক্ত ভিত নিয়ে আশাবাদী Moody’s। চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করল আন্তর্জাতিক রেটিং সংস্থা। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, বাড়তে থাকা বিনিয়োগ এবং উৎপাদন ক্ষেত্রে গতি—এই তিনটি বিষয় ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি। Moody’s Ratings-এর নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৭ শতাংশ হারে বাড়তে পারে। আগে এই বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে বলে অনুমান করেছিল সংস্থাটি। সংস্থার মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং ইরান যুদ্ধের জেরে তৈরি হওয়া সরবরাহজনিত ধাক্কা ভারতীয় অর্থনীতিকে যতটা প্রভাবিত করবে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার প্রভাব তুলনামূলকভাবে কম হয়েছে।
ভারত বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির ব্যবস্থা রাখায় সরবরাহের ক্ষেত্রে কিছুটা সুবিধা পেয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির ভূমিকা এবং কর ছাড়ের মাধ্যমে সাধারণ গ্রাহকদের উপর জ্বালানির মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক চাপ কিছুটা কমানো সম্ভব হয়েছে। Moody’s-এর রিপোর্টে ভারতের বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আশার কথা বলা হয়েছে। মূলধনী পণ্য উৎপাদন ও আমদানি বৃদ্ধি, শিল্পক্ষেত্রে ঋণের প্রবাহ বাড়া এবং কারখানাগুলির উৎপাদন ক্ষমতার ব্যবহার বৃদ্ধির মতো বিষয়গুলি নতুন বিনিয়োগ চক্রের ইঙ্গিত দিচ্ছে।
দীর্ঘদিন ধরে সংস্থাগুলি এবং ব্যাঙ্কগুলির আর্থিক পরিস্থিতি মজবুত করার প্রক্রিয়া চলেছে। এবার সেই জায়গা থেকে বেরিয়ে বেসরকারি সংস্থাগুলি নতুন করে বিনিয়োগে আগ্রহী হতে পারে বলে মনে করছে Moody’s। এই বিনিয়োগ বাড়লে উৎপাদন শিল্পের পাশাপাশি কর্মসংস্থান এবং উৎপাদনশীলতাও বাড়তে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে ভারতের GDP বৃদ্ধির হার ৭ শতাংশের পূর্বাভাসকেও ছাপিয়ে যেতে পারে।
মূল্যবৃদ্ধি: সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বাড়লে ভোগ্যপণ্যের চাহিদায় প্রভাব পড়তে পারে। খুচরো মুদ্রাস্ফীতি RBI-এর ২-৬ শতাংশের লক্ষ্যমাত্রার উপরের দিকের কাছাকাছি রয়েছে।
দুর্বল বর্ষা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতের ঘাটতি এবং এল নিনোর প্রভাব কৃষি উৎপাদন ও গ্রামীণ চাহিদায় চাপ তৈরি করতে পারে।
সুদের হার বৃদ্ধি: RBI আরও সুদের হার বাড়ালে ঋণের খরচ বাড়বে। ফলে বেসরকারি বিনিয়োগের পুনরুজ্জীবন কিছুটা পিছিয়ে যেতে পারে।
অর্থাৎ, ভারতের অর্থনীতির গতি শক্তিশালী হলেও মূল্যবৃদ্ধি, কৃষিক্ষেত্রের অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির মতো বিষয়গুলির দিকে নজর রাখতে হবে।
২০২৬ সালের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি বার্ষিক হিসাবে ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। উৎপাদন শিল্প, বিনিয়োগ এবং সাধারণ মানুষের খরচের প্রবণতা এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। Moody’s-এর নতুন পূর্বাভাসে স্পষ্ট, আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অভ্যন্তরীণ বাজার এবং বিনিয়োগের সম্ভাবনাকে যথেষ্ট শক্তিশালী বলে মনে করছে আন্তর্জাতিক রেটিং সংস্থাটি।