
নতুন করে ভারতের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব দিল আমেরিকা। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আমেরিকার এই প্রস্তাবের পাল্টা অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। কেন্দ্র জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আমেরিকার অতিরিক্ত উৎপাদন সংক্রান্ত অভিযোগও খারিজ করেছে ভারত।
কেন ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাতে চাইছে আমেরিকা?
আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR) Section 301 তদন্তের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, ভারতের একাধিক শিল্পক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। পাশাপাশি আমেরিকার বাজারে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বাধা এবং শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে মার্কিন প্রশাসন। আমেরিকার দাবি, এই ধরনের নীতি মার্কিন সংস্থাগুলির ব্যবসায় ক্ষতি করছে। বিশেষ করে ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে ভারতের বাণিজ্য উদ্বৃত্তের বিষয়টি তুলে ধরেছে ওয়াশিংটন।
এই প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। মার্কিন প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বিবেচনা করা হতে পারে। অন্যদিকে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে এই শুল্কের হার ১৭ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে। অর্থাৎ, বাণিজ্য চুক্তির ভবিষ্যতের উপরেই অনেকটা নির্ভর করছে ভারতের পণ্যের ক্ষেত্রে আমেরিকার শুল্কনীতি। তবে মনে রাখতে হবে, এটি এখনও প্রস্তাবিত ব্যবস্থা, কার্যকর হয়ে যাওয়া নতুন শুল্ক নয়।
মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক। ভারতের বক্তব্য, দেশের কোনও শিল্পক্ষেত্রেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই। আমেরিকার তরফে পাঠানো নোটিসটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রের আরও বক্তব্য, বাণিজ্য সংক্রান্ত যাবতীয় উদ্বেগ ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। ওয়াশিংটনের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্ন করার বিষয়েও ভারত আগ্রহী।
আমেরিকার এই প্রস্তাবের আওতায় শুধু ভারত নয়, আরও একাধিক অর্থনীতি রয়েছে। তালিকায় রয়েছে চিন, বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড-সহ বিভিন্ন দেশ ও অর্থনৈতিক অঞ্চল। বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের হারও আলাদা। ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং রফতানি বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই মুহূর্তে শুল্কের প্রস্তাব নিয়ে জনমত ও সংশ্লিষ্ট পক্ষের মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর আগামী ৫ জানুয়ারি পর্যন্ত লিখিত মতামত জমা দেওয়ার সময় দিয়েছে। প্রস্তাব নিয়ে ২৫ জানুয়ারি ২০২৭ তারিখে জনশুনানিরও পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, এখনই ভারতের উপর নতুন ২৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে না। আগামী দিনে দুই দেশের বাণিজ্য আলোচনা এবং আমেরিকার চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে পরিস্থিতি কোন দিকে যায়।