
বছর ঘুরতে না ঘুরতেই ফের লকডাউন। ফের ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরে আসার পালা। কোভিডের দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়েছে। দৈনন্দিন বেড়ে ওঠা সংক্রমনের আতঙ্কে নিজের বাড়ি ফিরে আসছেন দেশের বিভিন্ন প্রান্তে কাজে যুক্ত থাকা পরিযায়ী শ্রমিকেরা। রুটি রুজির টানে যারা পাড়ি দিয়েছিলেন প্রানের তাগিদে তারা আবার ফিরে আসছেন একরাশ অনিশ্চয়তা নিয়ে।
এই পরিস্থিতিতে মানবিক পুখ পুলিশের। সাঁতরাগাছি স্টেশনে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো হাওড়া কোনা ট্রাফিক গার্ড। প্রতিদিন প্রায় একহাজার শ্রমিককে খাওয়ানোর পর পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে।
প্রতিদিনই দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে বহু পরিযায়ী শ্রমিক নামছেন ট্রেন থেকে। এদের জন্য কিছু করার তাগিদে এগিয়ে এল হাওড়া সিটি পুলিশের কোনা এক্সপ্রেসওয়ে ট্রাফিক পুলিশ।
শ্রমিকদের মুখে একটু হাসি ফোটাতে তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করল পুলিশ। বুধবার কোনা এক্সপ্রেসওয়ের ট্রাফিক অফিসের কিছু দূরেই লাঞ্চের প্যাকেট তুলে দেওয়া হল পরিযায়ী শ্রমিকদের হাতে। প্রায় এক হাজার শ্রমিকের জন্য ভাত,ডাল,পটল আলুর তরকারি, সয়াবিন ও মিষ্টির ব্যবস্থা করে পুলিশ। খাবার পর তাদের বাস ও গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হয়।
পুলিশের এই ভূমিকায় খুশি পরিযায়ী শ্রমিকরা। ডোমজুরের বাসিন্দা সূর্য দাস নামে এক শ্রমিক জানান পুলিশ সম্বন্ধে খারাপ ধারণা থাকে অনেকেরই কিন্তু পুলিশ যে এত মানবিক হয় তা জানা ছিল না। তাই এত উদ্বেগের মধ্যেও আজ ভালো লাগছে।
কোনা এক্সপ্রেসওয়ে ট্রাফিক ওসি প্রবীর মহন্ত বলেন কয়েকদিন ধরে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের দেখে খুব খারাপ লাগছিল। তাই তাদের জন্য কিছু করার ইচ্ছে ছিল। উর্ধতন আধিকারিকদের অনুমতি নিয়ে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয় বুধবার। আগামীদিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে হাওড়া সিটি পুলিশ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.