
দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার, ১৯ সেপ্টেম্বর, তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যৌথ পোস্ট করে সুখবর জানিয়েছেন দু’জনে। খুব সংক্ষিপ্তভাবেই সুখবরটি জানিয়েছেন দীপিকা ও রণবীর। ইনস্টাগ্রাম পোস্টে তাঁরা লিখেছেন, “Welcome baby girl”, সঙ্গে দিয়েছেন নজর লাগা থেকে বাঁচার ইমোজি। এরপরই তাঁদের পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। বলিউডের একাধিক তারকা এবং অনুরাগীরা নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন। সোনম কপূর, সারা অর্জুন, অনিল কপূর এবং কৃতি শ্যানন-সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
দীপিকা ও রণবীরের এটি দ্বিতীয় সন্তান। তাঁদের প্রথম কন্যা দুয়ার জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। সেই সময়ও একইভাবে “Welcome baby girl” লিখে মেয়ের জন্মের খবর জানিয়েছিলেন তাঁরা। প্রায় দু’বছর পর ফের তাঁদের পরিবারে এল কন্যাসন্তান। দ্বিতীয় সন্তানের আগমনের কয়েক দিন আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। শুক্রবার রণবীরের বাবা-মায়ের সঙ্গে মন্দিরে পুজো দেন তাঁরা। তার এক দিন আগে লালবাগচা রাজার কাছেও প্রার্থনা করেছিলেন রণবীর।
এই সফরের সঙ্গে ২০২৪ সালের একটি ঘটনারও মিল রয়েছে। প্রথম সন্তান দুয়ার জন্মের ঠিক দু’দিন আগে, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। চলতি বছরের এপ্রিলেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন এই তারকা দম্পতি। সেই সময় তাঁদের মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা গিয়েছিল।
দীপিকা ও রণবীরের প্রেমের শুরু ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির শুটিংয়ের সময়। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন তাঁরা। কোঙ্কণি ও সিন্ধি—দুই রীতিতেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.