
অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের করা অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় দায়ের হওয়া মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, হিরণকে প্রতি ১৫ দিন অন্তর একবার করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। হিরণের আগাম জামিনের মামলার শুনানির দিন ধার্য ছিল ৪ ফেব্রুয়ারি।
তবে বিশেষ কারণে সেই শুনানি পিছিয়ে যায়। এর মধ্যেই বিজেপির হয়ে প্রচারের কাজে নেমে পড়েন হিরণ। সমাজমাধ্যমে দফায় দফায় প্রচার সংক্রান্ত ছবি ও বার্তা পোস্ট করতে দেখা যায় তাঁকে। হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরই বিষয়টি ঘিরে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই আনন্দপুর থানায় মামলা দায়ের করেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত ২৮ জানুয়ারি হিরণের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন।
আদালতে জানানো হয়, হিরণ বর্তমানে একজন জনপ্রতিনিধি ও বিধায়ক। তাই আগাম জামিনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ও ৪৯৮এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ৪৯৪ ধারায় বলা হয়েছে, স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পাশাপাশি ৪৯৮এ ধারায় রয়েছে বিবাহিত মহিলার উপর স্বামীর নির্যাতন ও গার্হস্থ্য হিংসার অভিযোগ, যার শাস্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা। এই মামলার বিষয়ে এখনও পর্যন্ত হিরণ চট্টোপাধ্যায় বা তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করতে হবে হিরণকে, এমনটাই জানানো হয়েছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.