
ফাইনালি জল্পনার অবসান। হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'-এর শেষ ছবি 'ফাস্ট ফরেভার'-এর চিত্রনাট্য কে লিখবেন, তা জানিয়ে দিলেন অভিনেতা ভিন ডিজেল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি অফিশিয়ালি এই ঘোষণা করেছেন। লেসলির সঙ্গে আলোচনার একটি সাদাকালো ছবি পোস্ট করে ডিজেল নিশ্চিত করেন যে, এই গুরুদায়িত্ব সামলাবেন চিত্রনাট্যকার মাইকেল লেসলি।
লেসলি এর আগে 'দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অফ সংবার্ডস অ্যান্ড স্নেকস'-এর মতো ছবির চিত্রনাট্য লিখেছেন। তাঁর মতো একজন লেখকের অন্তর্ভুক্তি এই সিরিজের শেষ পর্বের জন্য একটি বড় পদক্ষেপ। আপাতত যা ঠিক আছে, তাতে ছবিটি ২০২৮ সালের ১৭ মার্চ সিনেমাহলে মুক্তি পাবে।
ছবির সঙ্গে একটি লম্বা ক্যাপশনে ডিজেল ২০০১ সাল থেকে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ যাত্রার কথা মনে করেছেন। তিনি লিখেছেন, এই ২৫ বছরে "আটজন পরিচালক" এবং "অগণিত লেখক, কলাকুশলী ও শিল্পী" এই সিরিজকে বাঁচিয়ে রেখেছেন। লেসলির সঙ্গে দেখা হওয়ার পর তাঁর পুরনো দিনের উদ্যম ফিরে এসেছে বলে জানান ডিজেল। তিনি আরও বলেন, লেসলির ভাবনার মধ্যে তিনি "একটা জীবন্ত স্পন্দন" খুঁজে পেয়েছেন।
ডিজেল জোর দিয়ে বলেন, একটি সিরিজের শেষ পর্ব তৈরি করা একটা বিরাট দায়িত্ব। এই দায়িত্বটা যেমন তাঁর সহকর্মীদের প্রতি, তেমনই সেই দর্শকদের প্রতিও, যাঁরা এতদিন ধরে এই গল্পের সঙ্গে জুড়ে রয়েছেন।
'ফাস্ট ফরেভার'-এর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর গল্প। ভিন ডিজেল নিশ্চিত করেছেন যে, এই সিরিজের শেষ পর্বটি তার শিকড়ে, অর্থাৎ লস অ্যাঞ্জেলেসে ফিরে যাবে। প্রথম ছবিতে লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট রেসিংয়ের যে কালচার দেখানো হয়েছিল, সেটাই আবার ফিরে আসবে। সাম্প্রতিক ছবিগুলোতে বিশ্বজুড়ে গোয়েন্দাগিরির যে প্লট দেখা যাচ্ছিল, সেখান থেকে সরে এসে গল্প আবার মাটির কাছাকাছি ফিরবে।
'ফাস্ট ফরেভার' 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' সিরিজের ১১তম মূল ছবি (এবং সব মিলিয়ে ১২তম)। দ্য হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, 'ফাস্ট এক্স' ছবিতে যে সব প্রশ্নগুলোর উত্তর মেলেনি, এই ছবিতে সেই সব রহস্যের সমাধান হবে এবং মূল গল্পের একটি যথাযথ সমাপ্তি ঘটবে।
একই পোস্টে ডিজেল 'ম্যাটেল' স্ক্রিপ্ট নিয়ে একটি অন্য প্রজেক্টের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ১৯৯০-এর দশকে তাঁর কেরিয়ারের শুরু থেকেই তাঁর মা তাঁর লেখা রিভিউ করে দেন, যা আজও একটি অভ্যাসে পরিণত হয়েছে। এই ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে তিনি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্র্যাঞ্চাইজির আবেগের তুলনা করেন। তাঁর মতে, গল্প বলার মধ্যে দিয়েই দর্শকরা নিজেদের জীবনকে পর্দায় প্রতিফলিত হতে দেখেন।
সবশেষে তিনি টিমওয়ার্ক বা একসঙ্গে কাজ করার মানসিকতার ওপর জোর দেন। তিনি বলেন, "এই কাজের এটাই আমার সবচেয়ে প্রিয় দিক।" তিনি মনে করিয়ে দেন যে, এত বড় মাপের কোনও সৃষ্টি একা একা সম্ভব নয়।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.