
ছোট পর্দায় জনপ্রিয় মুখ জীতু কমলকে শেষবার দেখা গিয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। সিরিয়ালটি শেষ হওয়ার পর থেকেই অভিনেতার নতুন প্রজেক্ট নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল। এরই মধ্যে একাধিক সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক হতে পারে অভিনেতার।
টলিপাড়ার অন্দরের খবর, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর তরফে জীতুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নতুন একটি ওয়েব সিরিজ় নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। শুধু একটি নয়, দু’টি সিরিজ়ের প্রস্তাব নিয়েও নাকি অভিনেতার সঙ্গে কথা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি জীতু কমল। তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নিজের স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন জীতু। এই উদ্যোগ নিয়ে অভিনেতা জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে পরিকল্পনা চলছিল। করোনা মহামারির সময় থেকেই সমাজের জন্য কিছু করার ইচ্ছা তাঁর মধ্যে আরও জোরালো হয়।
এই প্রসঙ্গে জীতু বলেন, “গত কয়েক বছরে অনুরাগীদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। প্রতিদিন অনেক উপহার পাই। এমনকি অনেকে টাকাও পাঠান। একটা সময় মনে হল, মানুষের এই ভালোবাসা যদি ভালো কাজে ব্যবহার করতে পারি, তাহলে কিছু মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। পাশাপাশি বছরের শেষে অডিটের মাধ্যমে আর্থিক হিসাবও স্বচ্ছ থাকবে।”
বর্তমানে টলিপাড়ার বহু শিল্পী অভিনয়ের পাশাপাশি ব্যবসা কিংবা প্রযোজনার কাজেও যুক্ত হচ্ছেন। সেই প্রসঙ্গে জীতুও জানিয়েছেন, ভবিষ্যতে ছবি প্রযোজনার ইচ্ছা তাঁর রয়েছে। তবে আপাতত অভিনয় এবং নিজের স্বেচ্ছাসেবী সংস্থার কাজেই সবচেয়ে বেশি মন দিতে চান তিনি।
যদিও ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও জীতুকে ওটিটি প্ল্যাটফর্মে দেখার সম্ভাবনায় ইতিমধ্যেই উৎসাহিত অনুরাগীরা। এখন শুধু অপেক্ষা, কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা।+
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.