‘আমার মৃত্যু কামনা করেন অনেকে, চোখে জল চলে আসে’, বিগ বসের পর ট্রোলিংয়ে বিধ্বস্ত ঝিলম!

Published : Nov 29, 2026, 03:33 PM IST
Jhilam Gupta

সংক্ষিপ্ত

বিগ বস বাংলা থেকে বেরিয়ে আসার পর থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হচ্ছে ঝিলম গুপ্তকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু কামনা করেও মন্তব্য করছেন অনেকে। সম্প্রতি নিজের মনের যন্ত্রণার কথা জানিয়ে দীর্ঘ পোস্ট করেছেন তিনি। তবে এই কঠিন সময়ে এক সাধারণ মানুষের কোন আচরণ তাঁকে নতুন করে স্বস্তি দিল?

হাসি, মজা আর গান— সোশ্যাল মিডিয়ায় এই পরিচয়েই পরিচিত ঝিলম গুপ্ত। কিন্তু ক্যামেরার সামনে হাসিখুশি থাকা মানুষটির মনের ভিতরে যে এতটা যন্ত্রণা জমে রয়েছে, তা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ‘বিগ বস বাংলা’ থেকে বেরিয়ে আসার পর থেকেই নেটপাড়ার একাংশের লাগাতার কটাক্ষের মুখে পড়ছেন তিনি। এমনকী, তাঁর মৃত্যু কামনা করেও মন্তব্য করছেন অনেকে। আর এই সমস্ত আক্রমণ যে তাঁকে মানসিকভাবে কতটা বিপর্যস্ত করে তুলেছে, তা দীর্ঘ ফেসবুক পোস্টে জানিয়েছেন ঝিলম।

নিজের পোস্টে ইনফ্লুয়েন্সর লিখেছেন, সোশ্যাল মিডিয়া না থাকলে কোনও দিন বুঝতেই পারতেন না, তাঁর জন্য এত মানুষের মনে ঘৃণা জমে রয়েছে। তাঁর প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে একাধিক কুরুচিকর মন্তব্য করা হয়। কেউ তাঁর জন্মকেই পাপ বলে কটাক্ষ করেন, আবার কেউ সরাসরি তাঁর মৃত্যু কামনা করেন। এই মন্তব্যগুলি এড়িয়ে যেতে চাইলেও চোখের সামনে চলে আসে। তখন কান্না পায়, নিজেকে অসহায় মনে হয়।

ঝিলমের প্রশ্ন, তিনি তো চোর-ডাকাত নন, ধর্ষক নন, কারও অধিকার কেড়ে নেননি। তাঁর অপরাধ বলতে একটি রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়া, যেখানে হয়তো অনেকের তাঁকে ভালো লাগেনি। শুধু সেই কারণেই কি কাউকে এমন ঘৃণার শিকার হতে হবে?

শুধু নিজের কষ্ট নয়, পরিবারের সদস্যদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ঝিলম। জানিয়েছেন, তাঁর বাবাও সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত মন্তব্য পড়েন। তাই সবসময় একটা অস্বস্তি কাজ করে তাঁর মনে। কখন বাবা এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করবেন, তা ভেবেও আতঙ্কিত থাকেন তিনি।

শারীরিকভাবেও খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না ঝিলম। নিয়মিত উচ্চ রক্তচাপ ও হৃদ্‌যন্ত্রের সমস্যার ওষুধ খেতে হয় তাঁকে। সম্প্রতি পিত্তথলিতে পাথরের কারণে অস্ত্রোপচারও হয়েছে। সেই ধকল কাটিয়ে আবার কাজ শুরু করেছেন। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে জানিয়েছেন তিনি।

ঘনিষ্ঠদের অনেকেই তাঁকে থেরাপিস্টের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এখনও সেই সিদ্ধান্ত কার্যকর করে উঠতে পারেননি ঝিলম। অস্ত্রোপচারের পর ভেবেছিলেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি একেবারেই আলাদা।

এত নেতিবাচকতার মাঝেও সম্প্রতি এক সাধারণ মানুষের ব্যবহার ছুঁয়ে গিয়েছে ঝিলমের মন। তিনি জানিয়েছেন, বাড়ি ফেরার পথে শ্রীরামপুরের পরিচিত রিকশাচালক কাজল কাকার রিকশায় উঠেছিলেন। তাঁকে দেখেই স্নেহের সঙ্গে কাজল কাকা জানতে চান, এত দেরি করে ফিরছেন কেন?

শুধু তাই নয়, ঝিলমের পরামর্শ মেনে তিনি যে নিয়মিত খাওয়াদাওয়া করছেন, সে কথাও জানান। এই সামান্য কথোপকথনই যেন অনেকটা স্বস্তি দিয়েছে ইনফ্লুয়েন্সরকে। তাঁর উপলব্ধি, পৃথিবীর সবাই তাঁকে ঘৃণা করেন না। এখনও এমন মানুষ রয়েছেন, যাঁরা কোনও প্রত্যাশা ছাড়াই তাঁর ভালো থাকার খোঁজ রাখেন।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই ‘বিগ বস বাংলা’ থেকে সরে আসতে হয়েছিল ঝিলমকে। পিত্তথলিতে পাথর ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে শো ছাড়েন তিনি। পরবর্তী সময়ে অস্ত্রোপচারও হয়। সুস্থ হয়ে প্রিয় বান্ধবী পৌলমী গুহর সঙ্গে দার্জিলিংয়ের সিটংয়ে বেড়াতেও গিয়েছিলেন। কিন্তু সেই সফরের পরই তাঁর এই আবেগঘন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mike Love Demise: শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিচ বয়েজ কো-ফাউন্ডার মাইক লাভ! শোকস্তব্ধ জন স্ট্যামোস
Aditya Dhar: স্ত্রী ইয়ামিকে জন্মদিনের শুভেচ্ছা আদিত্য ধরের, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়