
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডের অকাল প্রয়াণ। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অবিনেত্রী। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। বিকেল ৩টের সময় মুম্বইয়ে সম্পন্ন হয় প্রবীণা দেশপাণ্ডের শেষকৃত্য। পরিবার-পরিজনের তরফেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
২০১৯ সাল থেকে মাইলোমা ক্যানসারে আক্রান্ত ছিলেন প্রবীণা। কঠিন অসুস্থতার মধ্যেও অভিনয়জীবন থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। কাজের প্রতি তাঁর নিষ্ঠা এবং পেশাদারিত্ব ছিল প্রশংসনীয়। শেষবার তাঁকে দেখা গিয়েছিল তস্করী সিরিজে, যেখানে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। হিন্দি ও মরাঠি— দুই ভাষাতেই সমান দক্ষতায় অভিনয় করেছেন প্রবীণা দেশপাণ্ডে।
ছোট পর্দায় তাঁর উল্লেখযোগ্য ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘ঘর এক মন্দির’। বড় পর্দাতেও তিনি একাধিক জনপ্রিয় ছবিতে চুটিয়ে কাজ করেছেন তিনি। সলমন খান-এর সঙ্গে কাজ করেছেন ‘রেডি’ ছবিতে। এছাড়াও ‘গব্বর ইজ ব্যাক’ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার-এর সঙ্গে। ‘জলেবি’ ছবিতে রিয়া চক্রবর্তী-র শাশুড়ির চরিত্রে অভিনয় করে তিনি বিশেষভাবে প্রশংসিত হন।
এ ছাড়াও জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এর তৃতীয় সিজনেও একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিনটা)। সহকর্মী ও অনুরাগীদের কাছে প্রবীণা দেশপাণ্ডে ছিলেন এক নিষ্ঠাবান শিল্পী এবং দৃঢ়চেতা মানুষ। তাঁর চলে যাওয়া ভারতীয় বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.