
সমুদ্র অতল গ্রাসে রাহুলের মৃত্যুর পর কেটে গিয়েছে সপ্তাহখানেক। এখনও স্পষ্টভাবে জানা যায়নি ঠিক কীভাবে প্রাণ গেল অভিনেতার। চলছে তীব্র চাপানউতোর। জানা গিয়েছে, মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেডের প্রধান লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী, প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ধারাবাহিকের শুটিং-র সময় কলাকুশলীদের সামনেই রাহুলের মৃত্যু হয়েছে। দুঃসংবাদ প্রকাশ্যে আসার পর তিনি জানতে পারেন শ্যুটিং-র সময় কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তাবিধিও মানা হয়নি। জায়গাটিতে শ্যুটিং চলছিল সেখানে চোরাবালি এবং জোয়ারের ফলে বিপদের আশঙ্কা ছিল। তা প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত সকলে জানা সত্ত্বও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ প্রিয়াঙ্কার। অভিনেতা ঘরনির দাবি, প্রোডাকশন হাউস এই ঘটনায় নিজেদের দায় ঝড়তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণ দিয়েছে। প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন শোকস্তব্ধ প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, শ্যুটিং-র সময় জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। সদ্য এই ঘটনার সঠিক তদন্তের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়াঙ্কা সহ টলিউডের একাধিক সদস্যরা। শনিবার হয়েছে প্রতিবাদ মিছিল। তারপর দায়ের হল এফআইআর। জানা যাচ্ছে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.