
রীতেশ দেশমুখের বহু প্রতীক্ষিত ছবি 'রাজা শিবাজী'-র ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে এবং দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আগামী ১ মে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে, তার আগে প্রচারও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই খবর, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছবিটিকে U/A সার্টিফিকেট দিয়েছে। তবে তার সাথে ছবিতে বেশ কিছু পরিবর্তনেরও নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এটি একটি মাল্টিস্টারার ছবি, যার লেখক এবং পরিচালক রীতেশ দেশমুখ নিজেই। ছবিতে একটি বিশেষ চরিত্রে সলমন খানকেও দেখা যাবে।
ট্রেলার মুক্তির পর থেকেই 'রাজা শিবাজী' ছবিটি খবরের শিরোনামে। সম্প্রতি সেন্সর বোর্ড ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি একাধিক পরিবর্তনের নির্দেশ দিয়েছে। খবর অনুযায়ী, CBFC ছবির নির্মাতাদের ডিসক্লেমারটি আরও স্পষ্ট করে লেখার নির্দেশ দিয়েছে। এর সাথে একটি ভয়েস ওভার যোগ করতেও বলা হয়েছে। বোর্ডের তরফে ছবির টাইটেল নিয়েও একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া, যে ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে ছবির চিত্রনাট্য, সংলাপ এবং গান তৈরি করা হয়েছে, সেই সংক্রান্ত প্রমাণও জমা দিতে বলা হয়েছে। ছবির গুরুত্বপূর্ণ ঘটনাগুলির তারিখ উল্লেখ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, একটি শিশুর গলা কাটার দৃশ্য বাদ দেওয়া হয়েছে এবং কিছু নিঃশব্দ দৃশ্যে অডিও যোগ করতে বলা হয়েছে।
রীতেশ দেশমুখের 'রাজা শিবাজী' ছবিটি হিন্দি এবং মারাঠি, দুই ভাষাতেই মুক্তি পাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুটি সংস্করণের রানটাইম আলাদা। হিন্দি ছবিটির রানটাইম ৩.৮ ঘণ্টা এবং মারাঠি ছবিটির রানটাইম ৩.১৬ ঘণ্টা। রীতেশ প্রায় ১০০ কোটি টাকার বাজেটে ছবিটি তৈরি করেছেন। ছবিটি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি। ছবির প্রযোজক জেনেলিয়া দেশমুখ এবং জ্যোতি দেশপান্ডে। এতে রীতেশের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মঞ্জরেকর, সচিন খেড়েকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র যোশী, অমল গুপ্তে, জেনেলিয়া দেশমুখ, সিদ্ধার্থ যাদব এবং বিদ্যা বালন। ছবিটি মুম্বাই ফিল্ম কোম্পানি এবং জিও স্টুডিওসের ব্যানারে তৈরি হয়েছে। এর সঙ্গীত পরিচালনা করেছেন অজয়-অতুল।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.