
অভিনেত্রী রাকুল প্রীত সিং সোমবার মুম্বইয়ে আয়কর তল্লাশির সঙ্গে নিজের নাম জড়ানো নিয়ে মুখ খুললেন। তিনি ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন, এই তল্লাশির সঙ্গে তাঁর কোনওভাবেই কোনও সম্পর্ক নেই। রাকুল লিখেছেন, "অনলাইন রিপোর্টার আর মূলধারার সাংবাদিকদের একাংশ যেভাবে সত্যিটা না জেনে খবর ছড়াচ্ছেন, তা দেখে খুব খারাপ লাগে। তাই বিষয়টা একবারেই পরিষ্কার করে দেওয়া ভালো। ওই তল্লাশির সঙ্গে আমার কোনও যোগ নেই।"
'আমি একজন দায়িত্বশীল ও সৎ নাগরিক'
রাকুল জোর দিয়ে বলেছেন, ২০ বছর বয়স থেকে তিনি নিয়মিত কর দিয়ে আসছেন। ব্যক্তিগতভাবে কোনও বেআইনি বিদেশি লেনদেনের সঙ্গে তিনি যুক্ত নন বলেও স্পষ্ট করেছেন।
তিনি আরও লেখেন, "সবাই জেনে রাখুন, আমি সেনাপরিবার থেকে এসেছি। ইন্ডাস্ট্রিতে আমার কোনও গডফাদার নেই। নিজের পরিশ্রমে আজ এই জায়গায় পৌঁছেছি। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ২০ বছর বয়স থেকে নিজের কর মিটিয়ে আসছি। ব্যক্তিগতভাবে বা কোনও প্রোডাকশন হাউসের হয়ে আমি কোনও বেআইনি বিদেশি লেনদেনে জড়িত নই। দেশে বা বিদেশে কারও নামে আমার কোনও বেনামি সম্পত্তি নেই। কেউ কখনও আমাকে কোনও সম্পত্তি উপহার দেয়নি, আর নীতিগতভাবে আমি এত দামি উপহার নিইও না।"
'ভুয়ো' খবর সরিয়ে নেওয়ার আর্জি
রাকুল কোনও 'ভুয়ো' খবর ছাপার আগে সংবাদমাধ্যমকে সবসময় সত্যিটা যাচাই করে নেওয়ার অনুরোধ করেছেন। শেষে তিনি লেখেন, "যাঁরা এই ধরনের ভুয়ো, উদ্দেশ্যপ্রণোদিত আর মনগড়া খবর ছেপেছেন, তাঁদের কাছে আমার অনুরোধ, খবরগুলো সরিয়ে নিন আর সত্যিটা তুলে ধরুন। আমি বুঝি, মিডিয়া ব্যবসার নিজস্ব কিছু বাণিজ্যিক চাপ থাকে। কিন্তু তার জন্য সত্যিটাকে তো বলি দেওয়া যায় না! আর কারও সম্মান বা রুটিরুজির বিনিময়ে তো একেবারেই নয়।"
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.