Sourav Ganguly: অবশেষে বড় ঘোষণা! সৌরভের বায়োপিকে ডোনা চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী

Published : May 15, 2026, 03:58 PM IST
Sourav Ganguly's Wife Dona Files Police Complaint Against Fake Facebook Page Made In Her Name

সংক্ষিপ্ত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা’-তে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, সেই রহস্যের অবসান ঘটেছে। রাজকুমার রাও অভিনীত এবং বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই ছবির শুটিং ইতিমধ্যেই মুম্বইয়ে শুরু হয়েছে।

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে তৈরি হতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘দাদা’। ইতিমধ্যেই মুম্বইয়ে জোরকদমে শুরু হয়েছে ছবির শুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। আর পর্দায় ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজকুমার রাও। তবে এতদিন ধরে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল—পর্দায় ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে কাকে? অবশেষে সেই রহস্যেরই পর্দাফাঁস হল।

জানা গিয়েছে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলা। এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত সৌরভ অনুরাগীরা। এর আগে প্রতিম ডি গুপ্তের জনপ্রিয় সিরিজ় ‘টুথপরি’-তে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তান্যা। এছাড়াও তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন।

প্রথমে পরিকল্পনা ছিল মার্চ মাস থেকেই ছবির শুটিং শুরু হবে এবং কলকাতাকেই প্রথম লোকেশন হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক। কিন্তু বিধানসভা নির্বাচন ও আইপিএল ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে সেই পরিকল্পনায় বদল আসে। এরপর এপ্রিল মাস থেকে মুম্বইয়ে শুরু হয় শুটিং। সেখানে বিশেষভাবে তৈরি করা হয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়ামের একটি বিশাল রেপ্লিকা সেট।

ছবির জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন রাজকুমার রাও। সৌরভের লুক ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে তিনি ওজনও বাড়িয়েছেন। তবে এতদিন পর্যন্ত ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছিল জল্পনা। এই চরিত্রের জন্য উঠে এসেছিল একাধিক বাঙালি অভিনেত্রীর নাম। শুরুতে শোনা গিয়েছিল, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার পছন্দ ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমনকি ‘রক্তবীজ ২’-এর শুটিং সেটে মিমির সঙ্গে তাঁর আলোচনাও হয়েছিল বলে খবর। এছাড়াও ইশা সাহা এবং অমৃতা চট্টোপাধ্যায়ের নামও শোনা গিয়েছিল এই চরিত্রের জন্য। অভিনয়ের পাশাপাশি নাচে দক্ষ হওয়ায় তাঁদের নাম আলোচনায় উঠে আসে বলে মনে করা হচ্ছিল।

তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন তান্যা মানিকতলা। খবর অনুযায়ী, ১৫ মে শুক্রবার থেকেই রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর শুটিং শুরু হয়েছে। প্রায় ১০ থেকে ১২ দিন ধরে চলবে সৌরভ-ডোনার অংশের শুটিং। এরপর চলতি মাসের শেষের দিকে কলকাতায় শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, দক্ষিণ ভারত ও লন্ডনেও ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে বলে জানা গিয়েছে।

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, পুরো ছবির শুটিং শেষ হতে প্রায় ছ’মাস সময় লাগতে পারে। ক্রিকেটপ্রেমী থেকে সিনেমাপ্রেমী—সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘দাদা’ ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনি বড়পর্দায় দেখার জন্য।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Akshay Kumar: 'ভূত বাংলা' ৬ নম্বরে, অক্ষয়ের কেরিয়ারের সেরা ৫ ব্যবসা সফল ছবি কোনগুলো?
Dhurandhar 2 OTT: এক ছবি, দুই প্ল্যাটফর্মে! রণবীরের 'ধুরন্ধর ২' আসছে Netflix ও JioHotstar-এ একসঙ্গে