
শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই থেমে গেল ‘বিগ বস বাংলা’য় ঝিলম গুপ্তর যাত্রা। মুম্বই থেকে বাড়ি ফিরে অবশেষে সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন তিনি। কেমন আছেন এখন? নিজের শারীরিক অবস্থার আপডেট দিতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। তবে ঝিলমের অসুস্থতা নিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
বাড়ি ফিরে সোশাল মিডিয়ায় ঝিলম লেখেন, “ওগো মা… এসো মা… এই বাড়িতেও থাকতে এসো মা… ঘরে ফিরে এসেছি। একটু ভালো আছি।” তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট, আপাতত কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। প্রিয় প্রতিযোগীর এমন বার্তা পেয়ে খুশি অনুরাগীরাও। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ঝিলমের বাবা জানিয়েছেন, তাঁর গলব্লাডারে পাথর ধরা পড়েছে। পাথরটি আকারে বেশ বড় হয়ে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলেও দাবি করেছেন তিনি। সেই কারণেই আপাতত প্রতিযোগিতার বদলে নিজের স্বাস্থ্যের দিকেই নজর দিতে হচ্ছে ঝিলমকে।
ঘটনার সূত্রপাত গত সোমবার। ‘বিগ বস বাংলা’র ঘরে তখন এক দফা নমিনেশন প্রক্রিয়া শেষ হয়েছে। ঠিক সেই সময় বিগ বসের গম্ভীর ঘোষণায় কার্যত স্তব্ধ হয়ে যান ঘরের প্রতিযোগীরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঝিলমের পক্ষে আর শো চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানানো হয়। তাঁর মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরই তাঁকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেন নির্মাতারা।
হঠাৎ এই ঘোষণায় হতবাক হয়ে যান ঝিলম-সহ বাকি প্রতিযোগীরা। প্রথম কয়েক সেকেন্ড দর্শকদেরও যেন বিশ্বাস হচ্ছিল না যে, অসুস্থতার কারণে এ ভাবেই শো ছেড়ে চলে যেতে হবে ঝিলমকে।
বিদায়ের মুহূর্তে ঝিলমের উদ্দেশে আবেগঘন বার্তাও দেয় বিগ বস। বলা হয়, “আশা করি, বিগ বসের ঘর থেকে নিজের প্রতি নতুন বিশ্বাস আর অসংখ্য মানুষের ভালবাসা নিয়ে যাবেন। আপনার আগামী দিনগুলো সাফল্য, আনন্দে ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।”
বিগ বসের এই বার্তার জবাবে ক্ষীণ কণ্ঠে ধন্যবাদ জানান ঝিলম। প্রতিযোগিতার মঞ্চে তাঁর যাত্রা শেষ হলেও, দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এখন অনুরাগীদের একটাই প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন ঝিলম গুপ্ত।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.