
দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড— বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে এখন চর্চার শেষ নেই। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি। যদিও এই নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি কেউই। তবে রশ্মিকার ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেরই মনে আছে, এর আগেও একবার বিয়ে ঠিক হয়েছিল রশ্মিকার। দক্ষিণী অভিনেতা ও প্রযোজক রক্ষিত শেট্টীর সঙ্গে বাগ্দান সেরেছিলেন তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘কিরিক পার্টি’-র মাধ্যমেই রশ্মিকার অভিনয় জীবন শুরু।
সেই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত। ছবির সেটেই দু’জনের আলাপ, সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। ২০১৭ সালে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটি বদল করেন রশ্মিকা ও রক্ষিত। তখন রশ্মিকার বয়স ছিল মাত্র ২১ বছর, আর রক্ষিতের ৩৪। বয়সের ব্যবধান থাকলেও তা নিয়ে বিশেষ ভাবেননি তাঁরা। বড় আয়োজনেই হয়েছিল বাগ্দান অনুষ্ঠান। আত্মীয়স্বজন ও বন্ধুদের মিলিয়ে প্রায় আড়াই হাজার অতিথির উপস্থিতিতে কেক কেটে উদ্যাপন করেছিলেন দু’জন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৮ সালে দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত বাগ্দান ভেঙে যায়। পরিবার থেকে আংটি ফেরত দেওয়ার ঘটনাও ঘটে।
যদিও বিচ্ছেদের পর প্রকাশ্যে কেউ কারও বিরুদ্ধে তিক্ত মন্তব্য করেননি। ঠিক সেই সময়েই ‘গীত গোবিন্দম’ ছবিতে বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেন রশ্মিকা। ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে বিজয় ও রশ্মিকার রসায়ন নিয়ে শুরু হয় আলোচনা। ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন ওঠে, তাঁদের ঘনিষ্ঠতাই নাকি রক্ষিতের সঙ্গে রশ্মিকার সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। যদিও এই বিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তিনজনের কেউই। তবুও নানা জল্পনার মাঝেই নিজের কেরিয়ারে এগিয়ে গিয়েছেন রশ্মিকা।
দক্ষিণী ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে বলিউডেও প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। আর এখন বিজয় দেবরকোন্ডার সঙ্গে তাঁর বিয়ের খবর ঘিরে ফের একবার চর্চার কেন্দ্রে চলে এসেছেন এই অভিনেত্রী। সত্যিই কি উদয়পুরে বসতে চলেছে তারকাদের রাজকীয় বিয়ের আসর, নাকি সবটাই গুঞ্জন— সেই উত্তর আপাতত সময়ই দেবে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.