
বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি এলাকার ছবি ও ভিডিওকে ভারতের রাজধানী নয়াদিল্লির বলে প্রচার করার অভিযোগ উঠেছে কয়েক জন চিনা ভ্লগারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের ভিডিওর মাধ্যমে ভারতের ভাবমূর্তি সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঢাকার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র ৬ নভেম্বরের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঢাকার উত্তরা সেক্টর ১২ এবং টেকপাড়া এলাকার অলিগলিতে চিনা নাগরিকদের নিয়মিত ভিডিও করতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এই ধরনের ভিডিও তৈরির কাজে প্রায় ১৫০ জন চিনা নাগরিক যুক্ত রয়েছেন। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
অভিযোগ, চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাট (WeChat) এবং ডুইন (Douyin)-এ লাইভ সম্প্রচারের সময় ঢাকার বিভিন্ন এলাকাকে নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে ‘মিয়ানমিয়ান’ নামে এক চিনা মহিলা ভ্লগারের উল্লেখ করা হয়েছে। ১ নভেম্বর উত্তরা সেক্টর ১২-এর একটি খালের পাশে দাঁড়িয়ে তিনি লাইভ করেন। সেই সময় ঢাকার ওই এলাকাকে নয়াদিল্লি বলে পরিচয় দেন। সেখানকার বাড়িঘরকে অপরিচ্ছন্ন, অনুন্নত এবং অস্বাস্থ্যকর বলেও বর্ণনা করেন।
অন্য এক চিনা ভ্লগারকে টেকপাড়ার চায়ের দোকানে ভিডিও করতে দেখা যায়। অভিযোগ, লাইভে তিনি স্থানীয় বাসিন্দাদের চা নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। এমনকী চা তৈরির উপকরণ নিয়েও ভিত্তিহীন দাবি করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই ভিডিওগুলির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। চিনা ভ্লগারদের কেউ কেউ জানিয়েছেন, পণ্য প্রচারের জন্য এই ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে। তবে কেন বাংলাদেশের দরিদ্র এলাকাগুলিকে বেছে নেওয়া হচ্ছে এবং কেন সেগুলিকে ভারতের রাজধানী বলে পরিচয় করানো হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। ভারতকে আন্তর্জাতিক দর্শকদের কাছে নেতিবাচকভাবে তুলে ধরার কোনও পরিকল্পিত প্রচার চলছে কি না, সেই প্রশ্নও উঠেছে। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠিত অপপ্রচার অভিযান বা নির্দিষ্ট সংস্থার যোগসূত্র প্রমাণিত হয়নি।
শুধু রাস্তাঘাট বা দোকান নয়, চিনা ভ্লগারদের বিরুদ্ধে স্থানীয়দের বাড়িতে ঢুকে ভিডিও করার অভিযোগও উঠেছে। কয়েক জন বাসিন্দার দাবি, তাঁদের অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে এমনকী বাথরুমেও ক্যামেরা নিয়ে ঢুকে পড়ছেন কেউ কেউ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কয়েক জন স্থানীয় মহিলা চিনা ভ্লগারদের গাইড হিসেবে কাজ করছেন। তাঁদের দৈনিক ৭০০-৮০০ বাংলাদেশি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে, এলাকায় চিনা নাগরিকদের ভিডিও করতে দেখা গেলেও তাঁদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর আগেও বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’, ‘কালের কণ্ঠ’-র প্রতিবেদনে ঢাকার দরিদ্র এলাকাগুলিতে চিনা নাগরিকদের নিয়মিত ভিডিও তৈরির বিষয়টি উঠে এসেছিল। চিনা ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবং ইউকুতে এই ধরনের ভিডিও প্রকাশের কথাও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে, ঢাকার বস্তি এলাকার দৃশ্যকে দিল্লির বলে প্রচার এবং ভারতীয়দের জীবনযাত্রা নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ আন্তর্জাতিক স্তরে ভুল তথ্য ছড়ানোর আশঙ্কা বাড়িয়েছে। তবে এর পিছনে কোনও সংগঠিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।