
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (NID) ফেরত চেয়ে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি ল ফার্ম থেকে আসা ইমেইলের সত্যতা যাচাই করছে বাংলাদেশ সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকেই এই অনুরোধ করা হয়েছে কি না, তা তারা নিশ্চিত করতে পারছে না। কারণ, ইমেইলে তার কোনও অথরাইজেশন বা প্রামাণ্য নথিপত্র যুক্ত ছিল না। কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এটি নতুন পাসপোর্ট বা এনআইডি-র জন্য কোনো আবেদন নয়। ইমেইলটি অধিকতর পর্যালোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, "ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা একটি ইমেইল পেয়েছি, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।" তিনি আরও বলেন, "অনুরোধটি আসল কি না, তা আমরা জানি না। এটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত করারও কোনো উপায় নেই। কারণ ল ফার্মের পাঠানো ইমেইলে তার কোনো অথরাইজেশন বা প্রমাণ দেওয়া হয়নি।"
ওই কর্মকর্তা বলেন, "এটি নতুন পাসপোর্ট বা এনআইডি-র আবেদন নয়। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।" এর আগে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু সহিংস ঘটনা ঘটছে। গাড়ি পোড়ানো এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও দেখা গেছে।
আজ সন্ধ্যায় রাজধানীর ব্যস্ত ফার্মগেট এলাকায়, ঠিক মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগে। এর জেরে ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, "অস্থিরতা তৈরি করতে ক্ষমতাচ্যুত গোষ্ঠী মাঝে মাঝেই নির্দিষ্ট কিছু বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে এবং এসব অপচেষ্টা রুখে দিচ্ছে।"