
সীমানা পেরিয়ে প্রেমের এক দারুণ গল্প। তামিলনাড়ুর হোসুরের এক পাইলট হিন্দু রীতি মেনে বিয়ে করলেন ভিয়েতনামের এক স্কুল শিক্ষিকাকে। দুই পরিবারের সম্মতিতেই তিরুবন্নামালাইতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। বেসরকারি এয়ারলাইন্সের পাইলট ৩৩ বছরের কার্তিকেয়ন। তিনি বিয়ে করেছেন ২৩ বছরের ভিয়েতনামের স্কুল শিক্ষিকা ট্রিউ থি এনগানকে। গত ১৩ নভেম্বর তিরুবন্নামালাইয়ের আরুলমিগু শ্রী অরুণাগিরিনাথার মন্দিরে তাঁদের চার হাত এক হয়।
হ্যালোটক (HelloTalk) অ্যাপের মাধ্যমে তাঁদের দুজনের পরিচয় হয়। দুজনেই জাপানি ভাষা শিখতে চেয়েছিলেন, আর সেখান থেকেই কথাবার্তা শুরু। রোজকার এই কথা বলা থেকেই প্রথমে বন্ধুত্ব এবং পরে তা প্রেমে বদলে যায়। ভিডিও কল এবং ফোনে কথা বলার পর তাঁরা সামনাসামনি দেখা করার সিদ্ধান্ত নেন। সেই মতো এই বছরের জুন মাসে ভিয়েতনাম থেকে ভারতে এসে কার্তিকেয়নের সঙ্গে দেখা করেন এনগান। দেখা করার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন এবং পরিবারের কাছে সম্মতি চান। দুই পরিবারের মত পাওয়ার পর, গত ১৩ নভেম্বর হিন্দু রীতি মেনে কার্তিকেয়নের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়।
বাবা-মায়ের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা জানিয়ে কার্তিকেয়ন বলেন, শুরুতে তাঁরা এই বিয়ে নিয়ে একটু দ্বিধায় ছিলেন, তবে পরে মেনে নেন। তিনি আরও জানান যে, ভিয়েতনামে থাকা কনের পরিবারের সদস্যদের পাসপোর্ট না থাকায় তাঁরা বিয়েতে আসতে পারেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত কার্তিকেয়নের আত্মীয়রা নবদম্পতিকে আশীর্বাদ করেন।
এএনআই-কে কার্তিকেয়ন বলেন, "আমি এক ভিয়েতনামী মেয়েকে বিয়ে করার জন্য বাবা-মায়ের মত চেয়েছিলাম। প্রথমে ওঁরা ইতস্তত করলেও পরে রাজি হন। ওঁরা বলেন, এটা আমার জীবন আর আমারই সিদ্ধান্ত। আমার স্ত্রীর পরিবার কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই ওঁদের কেউ বিয়েতে আসতে পারেননি। ট্রিউ থি এনগান ভিয়েতনামের একটি বেসরকারি প্রাইমারি স্কুলে পড়ান আর মাসে ১.২৫ লক্ষ টাকা বেতন পান। বিয়ের পর ভারতে ওর উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।"
নিজেদের বিয়ে নিয়ে ভিয়েতনামী ভাষায় এনগান জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে মাত্র এক বছর তাঁদের পরিচয় ছিল। ভারতের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে তিনি জানান, তিনি এই দেশে উচ্চশিক্ষা ও চাকরি করতে চান।
এনগান বলেন, "ভবিষ্যতে আমি ভারতে কাজ করতে চাই আর এখানেই উচ্চশিক্ষা চালিয়ে যেতে চাই। ভারত অনেক মহান আধ্যাত্মিক নেতাদের দেশ, তাই আমি তাঁদের সঙ্গে সরাসরি দেখা করে আধ্যাত্মিক শিক্ষা সম্পর্কে জানতে আগ্রহী। সেই দিক থেকে দেখলে, কার্তিকের সঙ্গে দেখা হওয়ার দারুণ সুযোগ করে দেওয়ার পাশাপাশি ভারত আমার কাছে এক প্রশংসনীয় দেশে পরিণত হয়েছে।"