
Cuba Earthquake: ক্যারিবিয়ান অঞ্চলে বড় ভূমিকম্প। আজ, মঙ্গলবার ভোরে কিউবায় ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কিউবার কাছাকাছি সমুদ্রাঞ্চলে, যার অবস্থান আনুমানিক ১৯.৭৯° উত্তর অক্ষাংশ এবং ৭৪.৪৫° পশ্চিম দ্রাঘিমাংশে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর। ফলে মাটির উপর কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় হামলা করতে পারেন পরে জোর জল্পনা। তার মাঝে ৬ মাত্রার অতি শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়ায়।
ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের মতে, ৬ মাত্রার এই কম্পন বিস্তীর্ণ এলাকায় অনুভূত হওয়ার মতো শক্তিশালী। কিউবার পাশাপাশি আশপাশের দ্বীপ ও উপকূলবর্তী এলাকাতেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি, হতাহতের খবর বা সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে কিউবা অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে রেকর্ড সংখ্যক কম্পন অনুভূত হয়েছিল, এমনকি সেই বছর নভেম্বর মাসে গ্রানমা প্রদেশের কাছে ৬.০-র বেশি মাত্রার ভূমিকম্পও হয়।