Donald Trump: জিডিপি নিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, সুদের হার নিয়ে মার্কিন রিজার্ভ ব্যাঙ্ককে তোপ

Published : Nov 22, 2026, 10:46 AM IST
modi trump

সংক্ষিপ্ত

Donald Trump: শুধু ভারতের অর্থনীতির প্রশংসা করেই থেমে থাকেননি ট্রাম্প। আমেরিকার অর্থনৈতিক নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, আমেরিকাতেও যদি সুদের হার কমিয়ে দেওয়া হয়, তাহলে মার্কিন অর্থনীতির বৃদ্ধির হার ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। আর এই প্রসঙ্গেই আমেরিকার ফেডারেল রিজার্ভের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। জানুন আরও বিশদে।।

Donald Trump: ভারতের অর্থনীতির প্রশংসায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ভারতের ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির উদাহরণ টেনে আমেরিকার সুদের হার নিয়ে নিজের দেশের ফেডারেল রিজার্ভকেই কাঠগড়ায় তুললেন তিনি। ট্রাম্পের দাবি, আমেরিকায় সুদের হার কমানো হলে অর্থনীতির বৃদ্ধি ১৪ থেকে ১৫ শতাংশে পৌঁছতে পারে। পাশাপাশি, ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তাঁর।

ভারত সম্পর্কে কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প?

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে এবার বড়সড় প্রশংসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে! হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে আমেরিকার তুলনা টানলেন তিনি। বিশেষ করে ভারতের সুদের হার এবং অর্থনৈতিক বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে নিজের দেশের আর্থিক নীতির পরিবর্তনের পক্ষেই সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, ভারতকে দেখুন! সেখানে সুদের হার অনেকটাই কম, অথচ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রায় ৭ শতাংশ। অর্থাৎ, কম সুদের হার বজায় রেখেও কীভাবে অর্থনীতির বৃদ্ধি সম্ভব, তার উদাহরণ হিসেবে ভারতকেই তুলে ধরেন তিনি।

শুধু ভারতের অর্থনীতির প্রশংসা করেই থেমে থাকেননি ট্রাম্প। আমেরিকার অর্থনৈতিক নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, আমেরিকাতেও যদি সুদের হার কমিয়ে দেওয়া হয়, তাহলে মার্কিন অর্থনীতির বৃদ্ধির হার ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। আর এই প্রসঙ্গেই আমেরিকার ফেডারেল রিজার্ভের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, যখন আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকে, তখনও ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়। তাঁর মতে, অর্থনীতির গতি বজায় রাখতে এই পরিস্থিতিতে সুদের হার কমানোই উচিত। প্রাক্তন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যানের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি সুদের হার কমানোর পথে হাঁটতেন। তবে বর্তমান পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভের নীতি নিয়ে যে তিনি একেবারেই সন্তুষ্ট নন, তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এখানেই শেষ নয়, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও রাজনৈতিক প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। যদিও সরাসরি ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানকে দায়ী করতে চাননি তিনি, তবে তাঁর বক্তব্য, আমেরিকার ফেডারেল রিজার্ভের উপর রাজনীতির প্রভাব রয়েছে। ফলে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে অর্থনৈতিক বাস্তবতার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও প্রভাব ফেলছে কি না, সেই প্রশ্নই সামনে এনেছেন ট্রাম্প।

অন্যদিকে, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াডের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ট্রাম্প জানান, অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চার দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি, 'কোয়াড এসআই অ্যাক্সিলারেটর' চালুর কথাও উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে, একদিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা, অন্যদিকে আমেরিকার সুদের নীতি নিয়ে নিজের দেশের ফেডারেল রিজার্ভকে নিশানা—ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অর্থনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Iran US War: মার্কিন F-16 যুদ্ধবিমানে ইরানের মিসাইল হামলা? জরুরি অবতরণের দাবি তেহরানের, পাল্টা বিবৃতি CENTCOM-এর
World Television Day 2026: বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'ওয়ার্ল্ড টেলিভিশন ডে', জানেন ভারতে কবে TV এসেছিল?