'এই শাসনের শেষের শুরু', Iran War নিয়ে মুখ খুললেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি

Saborni Mitra   | ANI
Published : Mar 02, 2026, 09:38 AM IST
Exiled Prince Reza Pahlavi Calls Iran Strikes the Beginning of the End for Regime

সংক্ষিপ্ত

Iran War: ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ হানায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর মুখ খুললেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি এই ঘটনাকে 'শাসনের শেষের শুরু' বলে উল্লেখ করেছেন। 

ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলায় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে 'বর্তমান শাসনের শেষের শুরু' বলে মন্তব্য করেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিস্থিতি ইরানের সাধারণ মানুষকে তাঁদের দেশ ফিরে পাওয়ার পথ তৈরি করে দিতে পারে।

ইরানে মার্কিন হামলা গেম চেঞ্জার

রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহলভি মার্কিন এই পদক্ষেপকে 'গেম চেঞ্জার' বা খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা বলে বর্ণনা করেন। তিনি দাবি করেন, দেশের ভিতরে ও বাইরে থাকা বহু ইরানি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ফক্স নিউজের 'সানডে মর্নিং ফিউচারস' অনুষ্ঠানে তিনি বলেন, "কোনও সন্দেহ নেই যে এটাই সেই পরিস্থিতি বদলানোর মতো ঘটনা, যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। দেশে এবং বিদেশে থাকা ইরানিদের উল্লাসই দেখিয়ে দিচ্ছে যে মানুষ কতটা এই মুহূর্তটার জন্য আশা করে ছিল।"

নির্বাসিত যুবরাজ আরও বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে অবশেষে এই শাসনের শেষের শুরুটা দেখতে পাচ্ছি। কারণ আমরা এবার এই শাসনের আরও বেশি পতন দেখতে পাব, যা সাধারণ ইরানিদের রাস্তায় নেমে এই ঘৃণ্য শাসনের হাত থেকে নিজেদের দেশ ফিরে যাওয়ার সুযোগ করে দেবে।"

পাহলভি যুক্তি দেন, এই সাম্প্রতিক হামলা আগের সমস্ত পদক্ষেপকে ছাপিয়ে গিয়েছে। আগের হামলাগুলোর মূল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে আটকানো। কিন্তু তাঁর মতে, রবিবারের এই ঘটনা শাসকগোষ্ঠীকে ভীষণভাবে দুর্বল করে দেবে এবং এর পতনকে আরও দ্রুত করবে।

রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় ইরান

ইরানের নির্বাসিত রাজকুমার ফক্স নিউজকে বলেন, "এটা অনেকটা শাসনের মাথা কেটে ফেলার মতো, যা শেষ পর্যন্ত এর সম্পূর্ণ পতনকে দ্রুত করবে। ইরানের মানুষ অনেক কষ্ট সহ্য করেছে, এর চেয়ে কমে তারা সন্তুষ্ট হবে না।" পাহলভি আরও জানান যে তিনি ইরানে একটি সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁর পরিকল্পনা, বর্তমান ধর্মতান্ত্রিক ব্যবস্থা থেকে দেশকে একটি গণতান্ত্রিক পরিকাঠামোর দিকে নিয়ে যাওয়া। তিনি জানিয়েছেন, দেশের ভিতরের আন্দোলনকারী এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে তৈরি একটি বড় জোটের সমর্থনে তিনি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে ইচ্ছুক।

ইরানিদের এক জোট হওয়ার আহ্বান

তিনি যোগ করেন, "আমি বিভিন্ন মতাদর্শের ইরানিদের সঙ্গে কাজ করছি যারা এই উদ্দেশ্যে একজোট হয়েছেন। আমাদের কাছে দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী একটি বৈচিত্র্যময় জোট রয়েছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘু এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষও এই জাতীয় প্রকল্পে সামিল হয়েছেন।"

রবিবার মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যু হয়। এই ঘটনার পরেই, ইসলামিক রিপাবলিক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই অঞ্চলের একাধিক আরব দেশে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের ব্রহ্মস আঘাত হানে, পাকিস্তানের সেই নূর খান এয়ার বেসে ড্রোন হামলা আফগানিস্তানের
খামেনেই ১টি হাত কেন সর্বদাই চাদরে ঢেকে রাখতেন? Iran-এর সর্বোচ্চ নেতা হওয়ার আগেই হয়েছিল হামলা