
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কি আবার বড়সড় রদবদল হতে চলেছে? জল্পনা বাড়ছে এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেলকে নিয়ে। পলিটিকোর একটি রিপোর্ট অনুযায়ী, তিনিই হতে পারেন ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নেওয়া পরবর্তী শীর্ষ কর্তা।
পলিটিকোর খবর, হোয়াইট হাউসের অন্দরেই কাশ প্যাটেলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর বিরুদ্ধে বাড়তে থাকা অভ্যন্তরীণ উদ্বেগই এই জল্পনার কারণ। এই সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে মার্কিন নৌসেনা সচিবকে পদ থেকে সরানো হয়েছে। এরপর থেকেই জল্পনা চলছিল, পরবর্তী কোপ কার ঘাড়ে পড়তে চলেছে।
পলিটিকোর রিপোর্ট বলছে, হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সেই তালিকায় পরের নাম হতে পারেন প্যাটেল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্তা পলিটিকোকে বলেন, "এটা শুধু সময়ের অপেক্ষা।" তিনি আরও জানান, প্যাটেলকে নিয়ে নেতিবাচক খবরের সংখ্যা বাড়ছে, যা "একজন ক্যাবিনেট সচিবের জন্য ভালো দেখায় না"। এই বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পও ক্রমশ বিরক্ত হচ্ছেন বলে খবর।
যদিও হোয়াইট হাউসের তরফে প্যাটেলের পদমর্যাদা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে প্রশাসনিক পদে সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে।
কিছুদিন আগেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর নৌসেনা সচিব জন সি. ফেলানের অবিলম্বে পদত্যাগের কথা ঘোষণা করে। তাঁর জায়গায় আন্ডার সেক্রেটারি হুং কাও আপাতত দায়িত্ব সামলাবেন। পেন্টাগনের মুখ্য মুখপাত্র শন পার্নেল এই খবর নিশ্চিত করে ফেলানকে তাঁর কাজের জন্য ধন্যবাদ জানান।
ট্রাম্প প্রশাসনে বসন্ত থেকেই একের পর এক শীর্ষ কর্তা পদত্যাগ করছেন বা তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে। গ্রীষ্ম শুরু হতেই সেই তালিকায় প্যাটেলের নাম জুড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মার্চ থেকে এখনও পর্যন্ত ফেলান-সহ অন্তত পাঁচজন সিনিয়র কর্তা হয় চাপের মুখে পদ ছেড়েছেন অথবা তাঁদের বরখাস্ত করা হয়েছে।
ফেলানের আগে, এই মাসের শুরুতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের আবহে সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন জেনারেল র্যান্ডি জর্জ। তাঁর ২০২৭ সালের শরৎকাল পর্যন্ত পদে থাকার কথা ছিল।
সেনাবাহিনীর আরও দুই শীর্ষ কর্তা—জেনারেল ডেভিড হোডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়রকেও সরানো হয়েছে।
অন্যদিকে, মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও এই মাসে তাঁর পদ থেকে সরানো হয়েছে। ১৪ মাস ধরে তিনি বিচার বিভাগের দায়িত্বে ছিলেন। ট্রাম্প তাঁকে "মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু" বলে প্রশংসা করেন। বন্ডির জায়গায় ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে।
আবার, এই সপ্তাহে মার্কিন শ্রম সচিব লরি শ্যাভেজ-ডিরেমাও পদত্যাগ করেছেন। করদাতাদের টাকায় ব্যক্তিগত ভ্রমণের মতো দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁর জায়গায় ডেপুটি শ্রম সচিব কিথ সন্ডারলিং আপাতত দায়িত্ব সামলাবেন।
এর আগে মার্চ মাসে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোমকে সরিয়ে তাঁর জায়গায় সেনেটর মার্কওয়েন মুলিনকে আনা হয়। নোমকে "স্পেশাল এনভয় ফর দ্য শিল্ড অফ দ্য আমেরিকাস" নামে একটি আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগের বিশেষ দূত হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।