
বাংলাদেশ ব্যাঙ্কের নতুন গভর্নর হলেন মোঃ মোস্তাকুর রহমান। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি চার বছরের মেয়াদে বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন। আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন রহমান। আজ দুপুর ২টোর দিকে (স্থানীয় সময়) মনসুর পদত্যাগ করেন এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের সদর দফতর থেকে বিদায় নেওয়ার পরপরই সরকার রহমানের নিয়োগের ঘোষণা করে।
পেশা ব্যবসা
মোঃ মোস্তাকুর রহমান একজন বিশিষ্ট উদ্যোক্তা এবং ব্যবসায়ী, পাশাপাশি একজন সিনিয়র আর্থিক বিশেষজ্ঞ। অর্থ, রফতানি অর্থনীতি, শিল্প শাসন এবং আর্থিক ব্যবস্থা ব্যবস্থাপনায় তাঁর ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি হেরা সোয়েটার্সের ম্যানেজিং ডিরেক্টর। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ করা হল।
একের পর এক পরিবর্তন
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৪ অগাস্ট বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর পদে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ করা হয়। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর, ১৭ ফেব্রুয়ারি, নতুন সরকার শপথ গ্রহণ করে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার দায়িত্ব গ্রহণের পর সামরিক, বেসামরিক আমলাতন্ত্র, আর্থিক এবং অন্যান্য ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে। এই পরিবর্তনের অংশ হিসেবে, আজ গভর্নরের পদে রদবদল করা হয়েছে।
বিডিনিউজ২৪-এর মতে, ৫৯ বছর বয়সের রহমান একজন যোগ্যতাসম্পন্ন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর ফেলো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রহমান গত বছরের জুলাই থেকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাঙ্ক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানও ছিলেন। এতে আরও উল্লেখ করা হয়েছে যে তিনি পূর্বে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বিজিএমইএ, রিহ্যাব এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ বেশ কয়েকটি শিল্প সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।