Peru Highway Robbery: হাইওয়েতে সিনেমার কায়দায় হামলা! ৩০ রাউন্ড গুলির মাঝে মৃত্যুর মুখ থেকে ফিরলেন ভারতীয় যুবক

Published : Nov 28, 2026, 01:52 PM IST
Viral Peru Highway Robbery

সংক্ষিপ্ত

Peru Highway Robbery: ঘড়ির কাঁটায় তখন সবে সকাল সাড়ে ছ’টা। পেরুর কালাও শহরের কোস্তা ভের্দে হাইওয়ে তখনও পুরোপুরি জেগে ওঠেনি।আর ঠিক সেই আধা অন্ধকারের সুযোগ নিয়েই ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। সিসিটিভি ফুটেজ আর ভাইরাল হওয়া ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

Peru Highway Robbery: ঘড়ির কাঁটায় তখন সবে সকাল সাড়ে ছ’টা। পেরুর কালাও শহরের কোস্তা ভের্দে হাইওয়ে তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আর ঠিক সেই আধো-অন্ধকারের সুযোগ নিয়েই ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। বিমানবন্দরে যাওয়ার পথে মাঝরাস্তায় পথ আটকে এক ভারতীয় যুবক ও তাঁর পেরুভীয় সঙ্গিনীর গাড়ি লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। তাও আবার দু-এক রাউন্ড নয়, একেবারে ৩০ রাউন্ডেরও বেশি! সিসিটিভি ফুটেজ আর ভাইরাল হওয়া ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা, যেন কোনো হলিউড থ্রিলার সিনেমার দৃশ্য!

ঠিক কী ঘটেছিল

ঘটনাটি ঘটেছে শুক্রবার, ২৭ নভেম্বর। ২৯ বছর বয়সি ভারতীয় নাগরিক বিজয় পাগরানি ইজা এবং তাঁর ৩৫ বছর বয়সি পেরুভীয় সঙ্গিনী মারি নাটালি মিরান্ডা এসপিনোজা একটি কালো রঙের জিপে চেপে জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। লা পেরলার সান্তা রোসা এগজিটের কাছে আসতেই আচমকা তাঁদের গাড়ির সামনে এবং পাশে এসে দাঁড়ায় তিনটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের কালো জিপটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়।

দেখুন ভিডিও

হার মানাল হলিউড সিনেমার চিত্রনাট্যকেও

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মুহূর্তের মধ্যে গাড়িগুলো থেকে নেমে আসে জনা সাত থেকে দশেক মুখোশধারী দুষ্কৃতী। হাতে থাকা আগ্নেয়াস্ত্র তাক করে জিপের কাচ আর বডি লক্ষ্য করে শুরু হয় অন্ধের মতো গুলিবৃষ্টি। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর দুষ্কৃতীরা জোর করে জিপের দরজা খুলে এক যাত্রীকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে এবং গাড়ির ভেতরে থাকা ব্যাগ ও প্যাকেটগুলো ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

তদন্তে পুলিশ

রক্তাক্ত অবস্থায় কোনোমতে প্রাণে বাঁচেন বিজয় এবং মারি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ দেখে আশপাশের ক্লিনিকগুলোতে খোঁজ শুরু করে। শেষমেশ সান মিগুয়েলের 'সান জুদাস তাদেও' ক্লিনিকে তাঁদের সন্ধান মেলে। দু’জনের শরীরেই গুলি লাগলেও চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁরা বিপন্মুক্ত এবং স্থিতিশীল।

পূর্বপরিকল্পিত ছক? নাকি পিছু নিয়েছিল দুষ্কৃতীরা?

কালাও পুলিশ অঞ্চলের প্রধান জেনারেল ওলগার বেনাভিদেস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে স্পষ্ট যে এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং নিখুঁত ছক কষে করা অপারেশন। বিমানবন্দরে যাওয়ার সময় থেকেই তাঁদের পিছু নেওয়া হয়েছিল বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি বোঝার চেষ্টা চলছে।

খাদের নিচে ছুড়ে ফেলা তিনটি মোবাইলই কি ধরিয়ে দেবে অপরাধীদের?

তদন্তকারীদের হাতে এখন সবথেকে বড় সূত্র হলো তিনটি মোবাইল ফোন। পালানোর সময় কোস্তা ভের্দে পাহাড়ের খাদের দিকে ফোন তিনটি ছুড়ে ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা। বিশেষজ্ঞ দল নামিয়ে সেই ফোনগুলো উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার তোড়জোড় চলছে। পুলিশের আশা, এই ফোনগুলোর কল রেকর্ড আর লোকেশন ট্র্যাক করলেই পুরো গ্যাংয়ের পর্দাফাঁস হয়ে যাবে।

রহস্য বাড়ছে গাড়ি এবং খোয়া যাওয়া ব্যাগ নিয়ে!

হামলায় ব্যবহৃত B6H-624 নম্বরের একটি নিসান গাড়ির হদিস পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, এই গাড়িটির নামে ২০১১ সালের পথ দুর্ঘটনা, ২০২৪ সালের খুনের চেষ্টার মামলা এবং বেআইনি অস্ত্র ও বিস্ফোরক পাচারের মতো ভয়ঙ্কর সব রেকর্ড রয়েছে। তবে সবথেকে বড় রহস্য দানা বেঁধেছে লুট হওয়া ব্যাগগুলো নিয়ে। প্রথমে শোনা যাচ্ছিল, ব্যাগে সোনা ও বহুমূল্য গয়না ছিল, আর সেই লোভেই এই হামলা। কিন্তু আক্রান্তদের এক আত্মীয় দাবি করেছেন, ব্যাগে নাকি স্রেফ জামাকাপড় ছিল! এরই মধ্যে আক্রান্তদের জিপের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, যা ২০২৩ সালে চুরি গিয়েছিল বলে পুলিশি রেকর্ডে উল্লেখ রয়েছে।

সব মিলিয়ে পেরুর হাইওয়ের এই শুটআউট কাণ্ড এখন এক চরম রহস্যের মোড় নিয়েছে। জামাকাপড়ের ব্যাগের জন্য কি কেউ ৩০ রাউন্ড গুলি চালায়? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অন্ধকার জগতের গল্প? শনিবার পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও, উত্তর খুঁজতে কোমর বেঁধে নেমেছে পেরু পুলিশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Aviation Accident: অল্পের জন্য রক্ষ! উড়ানের সময় দুই বিমানের ডানায় ধাক্কা, তারপর কী হল?
Today’s News in Bengali Live: Akash Deep - নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন