
টোকিওতে চতুর্থ ভারত-জাপান টু-প্লাস-টু মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত মেলবন্ধন নিয়ে কথা হয়েছে এদিন।
ভারত এবং জাপানের মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেওয়া হয়। রাজনাথ সিং বিশেষ করে যুদ্ধজাহাজ নির্মাণ, চালকহীন যান এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে যৌথ উদ্যোগে উন্নয়ন, উৎপাদন এবং দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে বৈঠকের খুঁটিনাটি শেয়ার করে রাজনাথ সিং লিখেছেন, "আজ টোকিওতে চতুর্থ ভারত-জাপান টু-প্লাস-টু মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। অবাধ, উন্মুক্ত এবং নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে আমাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত মেলবন্ধনের বিষয়গুলো পর্যালোচনা করেছি।"
বৈঠক চলাকালীন, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজনাথ। তিনি বলেন, গত অগাস্টে কোইজুমির ভারত সফরের পর থেকে সহযোগিতার একাধিক দিক আরও এগিয়েছে।
যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা তুলে ধরে সিং বলেন, "যুদ্ধজাহাজ তৈরি, চালকহীন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা, আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং আরও বৃহত্তর প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি, ভারত এবং জাপানের একে অপরের পরিপূরক শক্তি আছে। আমাদের আরও বেশি করে যৌথ উন্নয়ন, উৎপাদন এবং দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত অংশীদারিত্বের দিকে নজর দেওয়া উচিত।"
প্রতিরক্ষা শিল্প ফোরাম এবং টোকিওতে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগিতা সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মতো সাম্প্রতিক উল্লেখযোগ্য পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্তি হতে চলেছে। এই সুযোগে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করার কথা বলেন তিনি।
এর আগে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে চতুর্থ ভারত-জাপান টু-প্লাস-টু বিদেশ এবং প্রতিরক্ষামন্ত্রীদের সংলাপে অংশ নিয়েছিলেন রাজনাথ সিং।
সংলাপের পরে এক্সে রাজনাথ লেখেন, "আজ টোকিওতে বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে চতুর্থ ভারত-জাপান টু-প্লাস-টু মন্ত্রী পর্যায়ের সংলাপে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের বিশেষ কৌশলগত এবং বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং অবাধ, উন্মুক্ত এবং নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি আমাদের অঙ্গীকারের কথা আবার জানিয়েছি।"
টু-প্লাস-টু সংলাপের পরে সাংবাদিকদের রাজনাথ বলেন, ২০২৫ সালের অগাস্টে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা এবং নিরাপত্তা অংশীদারিত্বের অগ্রগতি হয়েছে।
ভারতে অনুষ্ঠিত জাপান-ভারত বিমানবাহিনীর মহড়া 'বীর গার্ডিয়ান ২৬'-এ জাপানের বিমানবাহিনীর যুদ্ধবিমান প্রথমবারের মতো অংশ নেওয়ায় তিনি খুশি। সেই সঙ্গে ২০২৬ সালের ১৩ অক্টোবর টোকিওতে তৃতীয় ভারত-জাপান প্রতিরক্ষা শিল্প ফোরাম আয়োজনের বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন।
দুই পক্ষ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেছে। এর মধ্যে রয়েছে সামুদ্রিক ও আকাশসীমা নজরদারি, তল্লাশি ও উদ্ধার কাজ (এসএআর) এবং তথ্য বিনিময়ের ব্যবস্থা।
রাজনাথ সিং আরও জোর দিয়ে বলেন, বিশেষ ধরনের, জলের নিচের এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা ত্বরান্বিত করতে হবে। 'ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া' কাঠামোর অধীনে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার করা এবং জাহাজ মেরামতির সুবিধার জন্য মেরিটাইম শিপ রিপেয়ার অ্যারেঞ্জমেন্ট (এমএসআরএ) সম্পন্ন করার কথাও বলেছেন তিনি।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন প্রসঙ্গে রাজনাথ বলেন, দুই পক্ষই আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণভাবে বিরোধ মেটানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে।