Russian Drone Production: চিনা সংস্থার থেকে ড্রোন তৈরির সরঞ্জাম কেনার অভিযোগ ওড়াল রাশিয়া

Published : Oct 29, 2026, 06:30 PM IST
Official logo of Rosatom State Atomic Energy Corporation (Photo/X/@RosatomGlobal)

সংক্ষিপ্ত

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম চিনা কোম্পানির থেকে ড্রোন তৈরির সরঞ্জাম কেনার অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে। তাদের দাবি, বেআইনিভাবে কোনও কার্বন-ফাইবার তারা কেনেনি।

মস্কো [রাশিয়া], ২৯ অক্টোবর (এএনআই): ড্রোন তৈরির জন্য বেআইনিভাবে কার্বন-ফাইবার প্রিকার্সার বা কাঁচামাল কেনার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা 'রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন'। তাদের দাবি, সংস্থার সমস্ত কাজ নিয়ম মেনেই হয়। এক সরকারি বিবৃতিতে রোসাটম জানিয়েছে, “রোসাটম এবং এর অধীনস্থ সংস্থাগুলো আইন ও নিয়মকানুন মেনেই কাজ করে। এর উল্টো কোনও দাবি করা হলে তা সম্পূর্ণ মিথ্যে। রাশিয়ার শুল্ক দফতর কীভাবে কাজ করে, সে বিষয়ে ধারণা না থাকার কারণেই এমন দাবি করা হচ্ছে।”

পলিটিকো নামের একটি সংবাদমাধ্যমের রিপোর্টের পরেই এই বিবৃতি দিল রোসাটম। রাশিয়ার অভ্যন্তরীণ শিপিংয়ের কিছু নথির ভিত্তিতে পলিটিকো দাবি করেছিল, চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা 'জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ' রোসাটমের একটি শাখাকে ৪৬ টন পলিঅ্যাক্রিলোনিট্রাইল টো (polyacrylonitrile tow) সরবরাহ করেছে। রাশিয়ার তাতারস্তান অঞ্চলে থাকা রোসাটমের ওই শাখাটির নাম 'আলাবুগা-ভলোনকো'।

পলিটিকোর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমা দেশগুলোর প্রশাসন ওই নথিগুলো খতিয়ে দেখেছে। তাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, ক্রেমলিনের সামরিক কাঠামোর মধ্যে থাকা একটি নিষিদ্ধ সংস্থাকে সাহায্য করছে চিনের ওই রাষ্ট্রায়ত্ত কোম্পানি। বাণিজ্যের ওই নথি থেকে জানা যাচ্ছে, চলতি বছরের শুরুতে রোসাটমের ওই শাখাকে লুকিয়ে ৪৬ টন কার্বন-ফাইবারের কাঁচামাল পাঠিয়েছিল চিনা সংস্থাটি। পলিটিকো আরও জানিয়েছে, এই কারখানাতেই দূরপাল্লার বিস্ফোরক ড্রোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি হয়। গত অগাস্টে মধ্য ইউক্রেনের একটি শপিং মলে হামলা চালাতে এই ড্রোনই ব্যবহার করেছিল মস্কো। ওই হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়।

পলিটিকোর বিশ্লেষণ করা তথ্য বলছে, রাশিয়ার তাতারস্তানের ওই আলাবুগা-ভলোনকো কারখানায় কাঁচামাল পাঠাতে একাধিক টেন্ডার পাশ করেছিল জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ। এই কারখানাতেই ড্রোনের জন্য উন্নত মানের কার্বন-ফাইবার তৈরি করা হয়।
পলিটিকোর দাবি, এই নথির সত্যতা যাচাই করেছে ইউএস হাউস সিলেক্ট কমিটি অন চায়না। পাশাপাশি ইউক্রেন প্রশাসনও এই নথির সত্যতা স্বীকার করে নিয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নাটকীয় উদ্ধার, বিপর্যয়ের দায় কার! তোলপাড় স্পেন
Dubai: চাকরিসূত্রে দুবাইয়ে গিয়ে নিখোঁজ চুঁচুড়ার যুবক, চোখের জলে অপেক্ষায় মা