
পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি আরও বাড়াল আমেরিকা। ইরানের সঙ্গে সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেল মার্কিন নৌবাহিনীর তৃতীয় বিমানবাহী রণতরী USS Theodore Roosevelt। এর ফলে ওই অঞ্চলে একসঙ্গে তিনটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন আমেরিকার এই পদক্ষেপ ঘিরে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ১৫ নভেম্বর রবিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করে USS Theodore Roosevelt। এর আগে ওই অঞ্চলে মোতায়েন ছিল USS George H.W. Bush এবং USS George Washington। Roosevelt পৌঁছনোর ফলে মার্কিন নৌবাহিনীর তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন মধ্যপ্রাচ্যে সক্রিয় রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে পশ্চিম এশিয়ায় ২০ হাজারের বেশি মার্কিন নাবিক ও মেরিন সেনা রয়েছে। মোতায়েন রয়েছে শতাধিক যুদ্ধবিমানও। এর আগে ২০২৬ সালের এপ্রিল মাসেও মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালের পর এমন মোতায়েন ছিল নজিরবিহীন।
মার্কিন সামরিক সংবাদপত্র Stars and Stripes-এর রিপোর্ট অনুযায়ী, ৮ নভেম্বর সিঙ্গাপুর ছেড়েছিল USS Theodore Roosevelt। মালাক্কা প্রণালী হয়ে পশ্চিম এশিয়ায় পৌঁছয় এই রণতরী। এর স্ট্রাইক গ্রুপে রয়েছে ক্যারিয়ার এয়ার উইং ১১, ক্রুজার USS Chosin এবং দুটি ডেস্ট্রয়ার USS Paul Hamilton ও USS Decatur। এই মোতায়েনে ৫ হাজারেরও বেশি সামরিককর্মী যুক্ত রয়েছেন।
আমেরিকার এই সামরিক শক্তি বৃদ্ধি এমন সময়ে, যখন ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। ইরানের দাবি, বাহরিনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর আগে মার্কিন আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমেও হামলার দাবি করেছিল তেহরান। তবে রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি অস্বীকার করেছে মার্কিন সেনা। তাদের বক্তব্য, বাহরিনের দিকে এগিয়ে আসা ইরানের দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করেছে। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে সমঝোতার আর প্রয়োজন দেখছেন না তিনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও আলোচনার কাজ থেকে সরে এসে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে বলেছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন—তৃতীয় বিমানবাহী রণতরী পৌঁছনো মানেই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন নয়। এই মুহূর্তে এটি আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত।