US Politics: আমেরিকায় বিমান বিভ্রাটের জন্য দায়ী বাইডেন, কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দের জোরালো দাবি ট্রাম্পের

Saborni Mitra   | ANI
Published : Nov 15, 2026, 09:44 PM IST
Trump Demands Fast Track Funding for Aviation Overhaul Slams Biden Admin

সংক্ষিপ্ত

আমেরিকার বিমান পরিবহণ পরিকাঠামো আধুনিকীকরণের জন্য কংগ্রেসকে দ্রুত অর্থ বরাদ্দের আবেদন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের দৈন্যদশার জন্য তিনি আগের বাইডেন প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। ট্রাম্পের অভিযোগ, বাইডেন সরকারের আমলে বিপুল অর্থ খরচ হলেও পুরনো পরিকাঠামো ঠিক হয়নি।

আমেরিকার বিমান পরিবহণ পরিকাঠামো ঢেলে সাজাতে কংগ্রেসকে দ্রুত অর্থ বরাদ্দের আবেদন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ-র দৈন্যদশার জন্য তিনি আগের বাইডেন প্রশাসনকে তুলোধোনা করেছেন। তবে বর্তমান এফএএ কর্তাদের প্রশংসা শোনা গিয়েছে ট্রাম্পের গলায়।

আমেরিকার বিমান পরিবহণ কাঠামো নিয়ে বাইডেনকে তুলোধনা ট্রাম্পের

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একাধিক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, বাইডেন প্রশাসন বিমান পরিবহণ ব্যবস্থাকে ঠিকমতো পরিচালনা করতে পারেনি। আগের সরকারের আমলে পুরনো পরিকাঠামো সংস্কারের নামে যে বিপুল অর্থ খরচ হয়েছে, তা আদতে জলে গিয়েছে। আধুনিকীকরণের কাজও থমকে ছিল।

একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, "বাইডেন প্রশাসন এফএএ-র ক্ষেত্রে চরম ব্যর্থ। ওরা যেখানেই হাত দিয়েছে, সেখানেই গন্ডগোল পাকিয়েছে। যথেচ্ছ টাকা খরচ করা হয়েছে। কিন্তু একটা পুরনো এবং ভেঙে পড়া ব্যবস্থাকে সারাই করার বদলে তা আরও খারাপ করে দিয়ে গিয়েছে ওরা।"

এর পরের একটি পোস্টে আমেরিকার বিমান পরিবহণ পরিকাঠামোর বর্তমান অবস্থার কথা তুলে ধরেন ট্রাম্প। তাঁর দাবি, বর্তমানে যে যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তা অনেক পুরনো। তাই ধাপে ধাপে নয়, গোটা ব্যবস্থাকে এক ধাক্কায় আধুনিক করার পক্ষে সওয়াল করেছেন তিনি।

ট্রাম্পের কথায়, "আমাদের বর্তমান এয়ার কন্ট্রোল সিস্টেমের অনেকটাই ৫০ বছরের পুরনো - এটা আশ্চর্যের! আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। তবে কাজটা একেবারে শেষ করতে হবে, ধাপে ধাপে নয়। কংগ্রেসকে এই সিদ্ধান্তে সিলমোহর দিতে হবে। বাইডেন প্রশাসন এটাকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে!"

ট্রাম্প প্রশাসনের ব্লু প্রিন্ট তৈরি

নিজের প্রশাসনের বর্তমান পরিকল্পনার কথা বলতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, ফ্লাইট কন্ট্রোল অপারেশন আধুনিকীকরণের জন্য ফেডারেল অ্যাভিয়েশন কর্তাদের কাছে ব্লুপ্রিন্ট তৈরি রয়েছে। ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, "ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের জন্য আমাদের কাছে জ্ঞান এবং পরিকল্পনা দুই-ই আছে; আমরা চাই কংগ্রেস দ্রুত টাকা দিক! আমাদের এফএএ দারুণ কাজ করছে এবং সব কিছুর জন্য প্রস্তুত।" তিনি আরও জানিয়েছেন যে কংগ্রেসের সমর্থন পেলে আধিকারিকরা খুব দ্রুত এবং দক্ষতার সঙ্গে বিশ্বের সেরা সিস্টেম তৈরি করতে পারবেন।

আমেরিকায় বিমান বিভ্রাট

শুক্রবারই নেটওয়ার্ক বিভ্রাটের জেরে আমেরিকায় দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। যদিও গত ২৪ ঘণ্টায় রেগান ন্যাশনাল এয়ারপোর্টের মতো প্রধান হাবগুলিতে বাতিল বিমানের সংখ্যা কমেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এই আবহেই মার্কিন পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, তদন্তকারীদের মতে কোনও বিদেশি সাইবার হানা নয়, বরং টেক্সাস বা আরকানসাসের রিমোট ফেসিলিটিতে ত্রুটিপূর্ণ রাউটার বা ভুল ইনস্টলেশনের কারণেই এই বিভ্রাট ঘটে থাকতে পারে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাফি জানিয়েছেন, ডিফেন্স কনট্রাক্টর এলথ্রিহ্যারিস টেক্সাস ও আরকানসাস থেকে দু'টি রাউটার উদ্ধার করেছে। ফ্লোরিডায় তাদের সদর দফতরে এফএএ, জুনিপার এবং সিসকো-র ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গভীর ডায়াগনস্টিক টেস্টিং চলছে।

ডাফি বলেন, "আমাদের কাছে রাউটারটি রয়েছে। এটি ফ্লোরিডায় এলথ্রিহ্যারিসের ল্যাবে এফএএ কর্মীদের কাছে রয়েছে। আমরা রাউটারটি এবং টেক্সাসের এল ডোরাডোতে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখছি।" ডাফি আরও জানান, ইন্টেলিজেন্স এজেন্সিগুলি কোনও বিদেশি ডিজিটাল ফুটপ্রিন্ট বা চ্যাটার খুঁজে পেয়েছে কি না, তা জানতে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি গোটা সরকারি দলের সঙ্গে বৈঠক করেছিলেন। এই তদন্তে এফবিআই-ও সাহায্য করছে। ডাফি বলেন, "এই ধরনের কোনও ঘটনার প্রমাণ আমরা পাইনি। আমাদের ধারণা, ইনস্টলেশন বা রাউটারেই কোনও গন্ডগোল ছিল।" তদন্তকারীরা যে কোনও নতুন প্রমাণের জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

শুক্রবার দেশজুড়ে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে ডাফি বলেন, যাত্রীদের সুরক্ষার স্বার্থেই নেটওয়ার্কে ত্রুটি দেখা দেওয়ায় সঙ্গে সঙ্গে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি ফক্স নিউজকে বলেন, "আমরা গ্রাউন্ড স্টপ জারি করার মতো চরম সিদ্ধান্ত নিয়েছিলাম। আমেরিকার সব নাগরিককে আশ্বস্ত করে আমি বলতে চাই যে, আমার প্রথম অগ্রাধিকার হলো আপনারা যাতে নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন তা নিশ্চিত করা। আর নেটওয়ার্কে কোনও ত্রুটি দেখা দিলে আমরা তা বন্ধ করে দেব।"

কোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সফটওয়্যার এবং নেটওয়ার্কের খোলনলচে বদলানোর জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদনও জানান ডাফি। তাঁর মতে, বর্তমান বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র হার্ডওয়্যারের জন্য নির্দিষ্ট করা রয়েছে। ডাফির কথায়, কংগ্রেস আগে দফতরকে ১২.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল, যা কাস্টম-বিল্ট ফিজিক্যাল ইক্যুইপমেন্ট, যেমন নতুন রেডিও, রাডার, ইলেকট্রনিক ফ্লাইট স্ট্রিপ এবং আধুনিক টেলিকম লাইনের অর্ডারের জন্য পুরোপুরি খরচ হয়ে গিয়েছে। ২০২৮ সালের শেষ দিকে এগুলি মোতায়েন হওয়ার কথা।

ডাফি বলেন, "কংগ্রেস আমাকে ১২.৫ বিলিয়ন ডলার দিয়েছিল ঠিকই, কিন্তু সেই টাকা কীভাবে খরচ করব সে ব্যাপারে নির্দিষ্ট নির্দেশিকা ছিল। তাই আমার কাছে রাডার এবং রেডিওর জন্য টাকা আছে। আমি দোকান থেকে তো আর এই জিনিসগুলো কিনতে পারি না। এই টাকাগুলোর সব হিসেব করা রয়েছে। ২০২৮ সালের শেষে এগুলি মোতায়েন হবে। কিন্তু নতুন নেটওয়ার্কের জন্য আমার কাছে কোনও টাকা নেই। আকাশপথে প্লেনগুলোকে আলাদা করার জন্য নতুন সফটওয়্যার তৈরির জন্যও আমার কাছে কোনও টাকা নেই।" আমেরিকার আকাশপথকে পুরোপুরি আধুনিক করতে এবং শুক্রবারের মতো পরিস্থিতি এড়াতে বাকি সফটওয়্যার ও নেটওয়ার্ক পরিকাঠামোর জন্য আইনি সমর্থন যে অত্যন্ত জরুরি, তা-ও জোর দিয়ে বলেন ডাফি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PM Modi Manila Visit: ASEAN সামিটে যোগ দিতে ফিলিপিন্স যাচ্ছেন মোদী, নজর সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যে
'সশস্ত্র বাহিনীই যুদ্ধের ময়দানের ভূগোল নির্ধারণ করবে' ফের আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের