পাক অধিকৃত কাশ্মীরের (PoJK) রাওয়ালকোটের মুটিয়ালমেরায় ১৪ বছরের এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠল। অভিযোগের তির পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দিকে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি (UKPNP) এই ঘটনার তীব্র নিন্দা করে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
এক্স-এ (X) একটি পোস্টে সর্দার নাসির আজিজ খান জানিয়েছেন, আয়েশা সাকিব নামের ওই নবম শ্রেণির ছাত্রী নিজের বাড়ির উঠোনে খেলার সময় গুলিবিদ্ধ হয়। পোস্টে উল্লেখ করা স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২০২৬ সালের ১২ নভেম্বর। ওই একই ঘটনায় তার বোন জাওয়াইরিয়া সাকিব গুরুতর আহত হয়েছে বলেও খবর।
ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে খান জোর গলায় বলেন, শিশুদের কাছে তাদের বাড়িটা নিরাপদ হওয়া উচিত, মৃত্যুপুরী নয়। ইউকেপিএনপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। একইসঙ্গে রাষ্ট্রসঙ্ঘ, রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (OHCHR), ইউনিসেফ (UNICEF), ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছে।
নিজের পোস্টে তিনি সংগঠনের তরফে ৬টি জরুরি দাবির কথা তুলে ধরেন। ২০২৬ সালের ৫ জুন থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটে যাওয়া সাধারণ মানুষের মৃত্যুর বিষয়ে পাকিস্তানের কাছে দ্রুত জবাবদিহি চেয়েছে তারা। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখতে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবিও জানানো হয়েছে।
ইউকেপিএনপি ড্রোন হামলা, মর্টার ফায়ারিং এবং ভারী অস্ত্রের ব্যবহার সহ সাধারণ নাগরিকদের ওপর কথিত হামলা অবিলম্বে বন্ধ করারও দাবি করেছে। এই ঘটনাগুলো খতিয়ে দেখার জন্য রাষ্ট্রসঙ্ঘের তত্ত্বাবধানে একটি স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধান মিশন তৈরির আহ্বান জানিয়েছে তারা।
এছাড়া, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আর্জি জানিয়েছে সংগঠনটি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের শাস্তির দাবিও জানানো হয়েছে।
ক্রমাগত হিংসার পরিণতির বিষয়ে সতর্ক করে খান বলেন, শিশুদের রক্ষা করতে এবং নিরীহ প্রাণ বাঁচাতে শুধু উদ্বেগ প্রকাশ করাই যথেষ্ট নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধুমাত্র উদ্বেগ জানানোর গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।
"কাশ্মীরি শিশুদের রক্ত নীরবতা নয়, ন্যায়বিচার চায়," পোস্টে এই কথাটি লিখে খান সাধারণ মানুষের সুরক্ষা, হিংসা বন্ধ এবং অবিলম্বে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি ফের তুলে ধরেন। এই অঞ্চলে সাধারণ মানুষের মৃত্যু এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মাঝেই ইউকেপিএনপি এই আবেদন জানাল। সংগঠনটি আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই ঘটনাগুলোর তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছে।