Imran Khan: জেলে ভয়াবহ অবস্থায় ইমরান খান! ২৩ ঘণ্টা একা বন্দি! পাকিস্তানকে সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘ

Published : Nov 24, 2026, 01:12 PM IST
Former Pakistan Prime Minister Imran Khan (File Photo/Reuters)

সংক্ষিপ্ত

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ। তাঁর উপর অমানবিক আচরণ ও দীর্ঘ সময়ের একাকী বন্দিদশা অবিলম্বে বন্ধ করার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেলবন্দি জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। জেলের ভিতরে তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে, তা অমানবিক এবং মর্যাদাহানিকর বলে অভিযোগ তুলেছেন রাষ্ট্রসঙ্ঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ। এমনকী, এই আচরণ নির্যাতন বা নিষ্ঠুর ব্যবহারের পর্যায়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। অবিলম্বে ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি পরিবর্তন করে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে তাঁকে রাখার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)-এর বিবৃতি অনুযায়ী, রাষ্ট্রসঙ্ঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন টর্চার অ্যালিস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, ৭২ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ করা উচিত নয়, যা তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড মেনেই তাঁর বন্দিদশা নিশ্চিত করতে হবে।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরিত করা হয়েছিল ইমরান খানকে। অভিযোগ, তারপর থেকেই তাঁকে দীর্ঘ সময় একাকী বন্দি করে রাখা হয়েছে। দিনের প্রায় ২৩ ঘণ্টাই তাঁকে একটি ছোট সেলের মধ্যে কাটাতে হচ্ছে। বাইরের জগতের সঙ্গে যোগাযোগও অত্যন্ত সীমিত। এমনকী, সেলের ভিতরে সর্বক্ষণ ক্যামেরার মাধ্যমে তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে বলেও খবর পেয়েছেন রাষ্ট্রসঙ্ঘের বিশেষজ্ঞ।

এডওয়ার্ডসের বক্তব্য, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী দীর্ঘ সময় ধরে কিংবা অনির্দিষ্টকালের জন্য কাউকে একাকী বন্দি করে রাখা যায় না। ১৫ দিনের বেশি এই ধরনের বন্দিদশা মানসিক নির্যাতনের পর্যায়ে পড়তে পারে। তাই ইমরান খানের একাকী বন্দিদশা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। দীর্ঘ সময় একাকীত্বের মধ্যে থাকলে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন রাষ্ট্রসঙ্ঘের এই প্রতিনিধি।

শুধু একাকী বন্দিদশাই নয়, জেলের ভিতরে ইমরান খানের দৈনন্দিন জীবনযাপন নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। রাষ্ট্রসঙ্ঘের বিশেষজ্ঞের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁকে বাইরে গিয়ে শরীরচর্চা করতে দেওয়া হচ্ছে না। অন্য বন্দিদের সঙ্গে কথা বলা কিংবা একসঙ্গে প্রার্থনায় অংশ নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও পরিবারের সদস্য, আইনজীবী এবং অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে অভিযোগ।

ইমরান খানের সেলের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ওএইচসিএইচআর। অভিযোগ, অত্যন্ত ছোট ওই ঘরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা নেই। আবহাওয়ার চরম গরম বা ঠান্ডার হাত থেকেও সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে ঘরের ভিতরে দুর্গন্ধ এবং পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। এর জেরে প্রাক্তন প্রধানমন্ত্রীর বমি বমি ভাব, বমি হওয়া এবং উল্লেখযোগ্য হারে ওজন কমে যাওয়ার মতো সমস্যার খবরও সামনে এসেছে।

এডওয়ার্ডস মনে করিয়ে দিয়েছেন, কোনও ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেওয়া হলেও তাঁর মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের দায়িত্ব। বন্দিদের বয়স এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে পর্যাপ্ত ঘুমানোর জায়গা, আলো, বাতাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আবহাওয়া থেকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

ইমরান খানের শারীরিক অবস্থা নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে রাষ্ট্রসঙ্ঘের। ২০১৩ সালে একটি দুর্ঘটনায় তাঁর শিরদাঁড়ায় গুরুতর চোট লেগেছিল। ২০২২ সালে একটি হত্যাচেষ্টার সময় গুলিবিদ্ধও হন তিনি। এই পরিস্থিতিতে জেলের ভিতরে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এডওয়ার্ডসের দাবি, তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে খবর পাওয়া গিয়েছে। তাই ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

ওএইচসিএইচআর জানিয়েছে, ইমরান খানের সঙ্গে আচরণ এবং তাঁর বন্দিদশার পরিস্থিতি নিয়ে পাক সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার। পরিস্থিতির উপর নজরও রাখা হবে। এর আগে শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কও ইমরান খানের স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানান। সিএনএন-এ ক্রিস্টিয়ান আমানপোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরানের মুক্তি এবং উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে আস্থা ফেরানোর উপরেও জোর দেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর আদিয়ালা জেল থেকেই পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি জরুরি খোলা চিঠি লেখেন ইমরান খান। সেখানে নিজের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আদালতের নির্দেশ কার্যকর করার আবেদন জানান তিনি। তাঁর আশঙ্কা, তিনি গুরুতর স্বাস্থ্য সংকটের মুখে পড়তে পারেন। একইসঙ্গে জেলে বন্দি তাঁর স্ত্রীর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন।

ইমরান খানের অভিযোগ, তাঁকে দিনের প্রায় ২২ ঘণ্টা যন্ত্রণাদায়ক একাকী বন্দিদশায় রাখা হচ্ছে। তাঁর দাবি, তোশাখানা (বুলগারি) মামলার রায় ঘোষণার পর থেকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলা, পড়াশোনার সামগ্রী এবং আইনজীবীর সাহায্য পাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রীর বন্দিদশা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sheikh Hasina: স্বদেশে ফিরতে মরিয়া মুজিব কন্যা, বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা
Earthquake in Nepal: সাতসকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, কম্পন ভারত- বাংলাদেশেও