US Israel Military Aid: ইজরায়েলের সামরিক সাহায্য বন্ধ করবে আমেরিকা? নতুন সমীকরণের কথা ট্রাম্পের মুখে

Published : Nov 09, 2026, 03:27 PM IST
USIsrael security pact set to halve direct military aid post2028 under evolving fiveyear framework Report

সংক্ষিপ্ত

২০২৮ সালের পর থেকে ইজরায়েলকে দেওয়া আমেরিকার প্রত্যক্ষ সামরিক সাহায্য প্রায় অর্ধেক হতে পারে। নতুন এক পাঁচ বছরের চুক্তির অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

আমেরিকার তরফ থেকে ইজরায়েলকে দেওয়া সামরিক সাহায্য এখনই বন্ধ হচ্ছে না। তবে ওয়াইনেটনিউজ-এর নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৮ সালের পর এই সাহায্য প্রায় অর্ধেক হয়ে যেতে পারে। চিরাচরিত দশ বছরের চুক্তির বদলে আগামী দিনে পাঁচ বছরের জন্য এই চুক্তি হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি অপ্রত্যাশিত মন্তব্য করেন। তিনি বলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং চলতি বছরের শেষেই সামরিক সাহায্য বন্ধ করা হবে। ট্রাম্পের এই কথায় ইসরায়েলের প্রতিনিধিরা বেশ অবাক হয়েছিলেন। তার ঠিক এক সপ্তাহের মাথায় এই নতুন তথ্য সামনে এল।

অভ্য়ন্তরীণ রাজনীতির প্রভাব!

ওয়াইনেটনিউজের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের এক শীর্ষ আধিকারিক মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্যের পেছনে মূলত দেশের অভ্যন্তরীণ রাজনীতি কাজ করেছে। মিশিগানে রিপাবলিকান সেনেট প্রার্থী মাইক রজার্সকে ডেমোক্র্যাটিক প্রার্থী আব্দুল এল-সায়েদের বিরুদ্ধে সাহায্য করতেই ট্রাম্প এই মন্তব্য করেন। যদিও এই কৌশল কাজে আসেনি। আব্দুল এল-সায়েদ জিতেছেন এবং প্রথম মুসলিম হিসেবে মার্কিন সেনেটে জায়গা করে নিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের বার্তা

নির্বাচনের দিন ফক্স নিউজের একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, "আমরা ওদের ৪ বিলিয়ন ডলার দিচ্ছিলাম। এখনও দিচ্ছি, তবে এ বছরের শেষে তা বন্ধ হয়ে যাবে।" তিনি আরও জানান যে নেতানিয়াহু নিজেই সাহায্য কমানোর কথা বলেছিলেন, কারণ ইসরায়েল এখন একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর এই সাহায্যের প্রয়োজন নেই। তবে নতুন এই চুক্তিতে এখনই সাহায্য বন্ধের কথা বলা হয়নি। বর্তমান মডেল অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত সাহায্য চালু থাকবে। এই মডেলে ফরেন মিলিটারি ফিন্যান্সিং-এর অধীনে বছরে ৩.৩ বিলিয়ন ডলার এবং যৌথ প্রতিরক্ষা গবেষণার জন্য ৫০০ মিলিয়ন ডলার দেওয়া হয়।

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে এই নতুন চুক্তির শর্ত নিয়ে আলোচনা চলছে। এর অধীনে, বার্ষিক তহবিলের পরিমাণ একই থাকবে তবে তা পাঁচ বছরের জন্য দেওয়া হবে। মোট ১৬.৫ বিলিয়ন ডলার দেওয়ার পর প্রত্যক্ষ সামরিক সাহায্য বন্ধ হয়ে যাবে।

অন্যদিকে, যৌথ বায়ু ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নয়নের জন্য আমেরিকার বরাদ্দ বর্তমান ৫০০ মিলিয়ন ডলার থেকে বেশ কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত অঙ্ক এখনও ঠিক হয়নি।

কূটনৈতিক মহলের খবর রাখা ইসরায়েলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই এই সাহায্য কমানোর বিরোধী। এর কারণ মূলত দেশের অর্থনীতি। ওয়াইনেটনিউজের রিপোর্ট অনুযায়ী, এই তহবিলের বেশিরভাগ টাকাই আমেরিকার উৎপাদন কারখানা এবং স্থানীয় অর্থনীতিতে ফিরে আসে।

ওই শীর্ষ আধিকারিক বলেন, "আমরা এখানে সাহায্যের মডেল থেকে অংশীদারিত্বের মডেলে যাচ্ছি। মনে রাখতে হবে, নিরাপত্তা সহায়তার বেশিরভাগটাই আমেরিকায় থাকে এবং মার্কিন অর্থনীতিতে অবদান রাখে। এটা কমালে আমেরিকার শিল্পও ক্ষতিগ্রস্ত হবে।" জানুয়ারি মাসে নতুন কংগ্রেস বসার আগেই এই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আলোচকরা। তবে ইসরায়েলের আধিকারিকরা মনে করছেন, মার্কিন কংগ্রেসে প্রতি বছর বাজেট অনুমোদনের ক্ষেত্রে কিছু রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে।

ভবিষ্যতে মার্কিন সরকারের গঠন এবং নেতৃত্ব এই আইনি বিষয়গুলোতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও আধিকারিকরা ওয়াকিবহাল বলে ওয়াইনেটনিউজের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Balochistan Enforced Disappearances: বালোচিস্তানে ৩ মৃত্যু রহস্য, পাক বাহিনীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Elon Musk: ক্যালিফোর্নিয়ার ‘অতিরিক্ত কর’ নিয়ে ক্ষুব্ধ মাস্ক! স্পেসএক্সের সরকারি চুক্তি বাতিলের প্রস্তাব