
AFC U20 Asian Cup: দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান। ২০ বছর পর, ভারতীয় ফুটবল দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল (AFC U20 Asian Cup)। কোয়ালিফায়িং রাউন্ডের শেষ গ্রুপ ম্যাচে ভারত ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশকে। অন্যদিকে, গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তান ২-০ গোলে সিরিয়াকে হারিয়ে দেওয়ায় ভারতের মূলপর্বে যাওয়ার পথ খুলে যায়। ভারতের হয়ে গোল তিনটি করেন ড্যানি মেইতেই লাইশরাম, বিশাল যাদব এবং পরিবর্ত হিসেবে নামা আরবাশ। গ্রুপে তিনটি ম্যাচ খেলে দুটি জয়ে ভারতের পয়েন্ট দাঁড়ায় ৬।
আটটি গ্রুপের মধ্যে সেরা সাতটি রানার্স-আপ দলের একটি হিসেবে ভারত মূল টুর্নামেন্টে খেলার টিকিট পাকা করে। এর আগে ভারত শেষবার ২০০৬ সালে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ খেলেছিল। আগামী বছর ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চিনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গ্রুপের তিনটি ম্যাচই জিতে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপের মূলপর্বে উঠেছে উজবেকিস্তান। ৩ পয়েন্ট নিয়ে সিরিয়া তৃতীয় স্থানে শেষ করেছে। সব ম্যাচ হেরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফেজ-এ নেমে গিয়েছে।
Indian Football Team: ভারত-পানামা ম্যাচের স্টেডিয়াম ঠিক করে ফেলল এআইএফএফ, শুরু প্রস্তুতি
ম্যাচের শুরু থেকেই ভারতের হাই-প্রেসিং ফুটবলের সামনে বাংলাদেশ রক্ষণাত্মক খেলতে বাধ্য হয়। ২৫ মিনিটের মাথায় ড্যানি গোল করে ভারতকে এগিয়ে দেন। এর ঠিক নয় মিনিট পরেই ড্যানির একটি দুরন্ত ফ্রিকিক বাংলাদেশের গোলকিপার রাজ চৌধুরি দারুণভাবে বাঁচিয়ে দেন, নাহলে প্রথমার্ধেই ভারত ব্যবধান বাড়াতে পারত। ম্যাচের এক ঘণ্টা হতেই বিশাল যাদব একটি অ্যাক্রোব্যাটিক ফিনিশে গোল করেন। একটি লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে তিনি গোলটি করেন। এরপরই ভারতের হেড কোচ একটি মাস্টারস্ট্রোক দেন। তিনি গোলদাতা ড্যানি এবং বিশালকে তুলে নিয়ে আরবাশ এবং প্রশান্ত জাজোকে মাঠে নামান। মাঠে নামার মাত্র সাত মিনিটের মধ্যে, অর্থাৎ ৭২ মিনিটে, কোচের আস্থার মর্যাদা দিয়ে গোল করেন আরবাশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।