
Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে স্কিট শ্যুটিংয়ে ভারতের সোনালি দৌড় অব্যাহত। বৃহস্পতিবার মিক্সড টিম স্কিটে ব্রোঞ্জ জিতলেন অনন্ত জিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka) ও পারিনাজ ধালিওয়াল (Parinaaz Dhaliwal)। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবার মিক্সড টিম স্কিটে পদক পেল ভারত। পাশাপাশি এবারের গেমসে স্কিটের তিনটি দলগত ইভেন্টেই পদক জয়ের নজির গড়ল ভারত। আইচি-নাগোয়ার আইচি প্রিফেকচারাল জেনারেল শ্যুটিং গ্যালারিতে উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারত ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। প্রবল হাওয়ার কারণে ফাইনালে শ্যুটারদের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠেছিল। ৫২ পয়েন্ট নিয়ে সোনা জেতে চিন। তারা নতুন বিশ্বরেকর্ড গড়ে। দক্ষিণ কোরিয়া ৫১ পয়েন্ট নিয়ে রুপো জেতে। দু’দলই জানুয়ারিতে কাতারের গড়া ৪৭ পয়েন্টের আগের বিশ্বরেকর্ড ভেঙে দেয়। নারুকা ও পারিনাজ যোগ্যতা পর্বে ১৩৮ পয়েন্ট সংগ্রহ করে চার দলের ফাইনালে চতুর্থ স্থানে উঠেছিলেন। নারুকা ৭৫টির মধ্যে ৭০টি লক্ষ্যভেদ করেন। পারিনাজের সংগ্রহ ছিল ৬৮ পয়েন্ট।
যোগ্যতা পর্বে ১৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল কাতার। দক্ষিণ কোরিয়া ১৪৩ এবং চিন ১৪০ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে ছিল। তবে ফাইনালের আগে যোগ্যতা পর্বের স্কোর বাতিল করে দেওয়া হয়। ফলে চার দলই শূন্য থেকে শুরু করে। যোগ্যতা পর্বে শীর্ষে থাকা কাতারই ফাইনাল থেকে প্রথম ছিটকে যায়। ফলে ভারতের অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়। শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল ভারত। প্রথম পর্যায়ে ২৪টির মধ্যে ২১টি লক্ষ্যভেদ করেন নারুকা ও পারিনাজ। কিন্তু এরপরই আচমকা দমকা হাওয়া পরিস্থিতি আরও কঠিন করে তোলে। চাপের মধ্যেও নিজেদের ধরে রাখেন দুই ভারতীয় শ্যুটার। পরের পর্যায়ে নারুকা মাত্র একবার লক্ষ্যভ্রষ্ট হন। শেষ পর্যন্ত ভারতের স্কোর দাঁড়ায় ৪৪। তাতে ব্রোঞ্জ নিশ্চিত হলেও সোনার লড়াইয়ে থাকার সুযোগ আর ছিল না। এরপর দুর্দান্ত ফিনিশ করে ৫২ পয়েন্টে পৌঁছে নতুন বিশ্বরেকর্ড গড়ে চিন। ৫১ পয়েন্টে শেষ করে দক্ষিণ কোরিয়াও আগের বিশ্বরেকর্ড টপকে যায়। তবে ভারতের জন্য এই ব্রোঞ্জও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ, এশিয়ান গেমস ২০২৬-এ স্কিটের তিনটি দলগত ইভেন্টেই পদক জিতল ভারত। বুধবার পুরুষদের দলগত স্কিটে নারুকা, ভবতেগ সিং গিল ও মাইরাজ আহমেদ খান ব্রোঞ্জ জিতেছিলেন। একই দিনে মহিলাদের দলগত স্কিটে পারিনাজ, রাইজা ধিল্লোঁ ও মহেশ্বরী চৌহান ব্রোঞ্জ এনে দেন ভারতকে। মহিলাদের দলগত স্কিটের পদক ছিল এশিয়ান গেমসের ইতিহাসে এই ইভেন্টে ভারতের প্রথম পদক। আর একদিন পর নারুকা ও পারিনাজ মিক্সড টিমে ব্রোঞ্জ জিতে নিশ্চিত করলেন, আইচি-নাগোয়ায় স্কিটের প্রতিটি দলগত ইভেন্টেই ভারতের পদক রয়েছে।
২৪ বছরের পারিনাজের জন্য এবারের এশিয়ান গেমস স্মরণীয় হয়ে থাকল। ২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসে তিনি পদক হাতছাড়া করেন। এবারের গেমসে প্রথমে মহিলাদের স্কিটে ইতিহাস গড়ার পর মিক্সড টিম ইভেন্টেও জিতে নিলেন ব্রোঞ্জ। চাপের মুহূর্তে দু’জনের আক্রমণাত্মক মানসিকতা ও একে অপরকে ক্রমাগত উৎসাহ দেওয়াই সাফল্যের অন্যতম কারণ বলে জানিয়েছেন পারিনাজ। তাঁর কথায়, ‘আমরা আক্রমণাত্মক ছিলাম। একে অপরকে শুধু লড়াই চালিয়ে যেতে বলছিলাম। মিক্সড টিমে এটাই গুরুত্বপূর্ণ।’ অন্যদিকে, নারুকার এশিয়ান গেমসের পদক তালিকায় যোগ হল আরও একটি ব্রোঞ্জ। হাংঝাউয়ে তিনি ব্যক্তিগত স্কিটে রুপো এবং পুরুষদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। আইচি-নাগোয়ায় এসে পুরুষদের দলগত এবং মিক্সড টিম, দুই ইভেন্টেই ব্রোঞ্জ জিতলেন ২৮ বছরের এই শ্যুটার। প্যারিস অলিম্পিকেও মিক্সড টিম স্কিটে মহেশ্বরী চৌহানের সঙ্গে চতুর্থ হয়েছিলেন নারুকা। সেই অভিজ্ঞতার পর এশিয়ান গেমসের এই পদক তাঁর কাছে বিশেষ তাৎপর্যের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।