
Asian Games 2026: শ্রীলঙ্কার উদীয়মান জ্যাভলিন তারকা রুমেশ পাথিরাগে এবং ভারতের ব্রোঞ্জজয়ী রোহিত যাদব এশিয়ান গেমসে নিজেদের জার্সি বদল করেছেন। ইভেন্ট শেষ হওয়ার পর একে অপরের প্রতি সম্মান জানাতেই তাঁরা এই কাজ করেন। ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়ার অভাব যশবীর সিং এবং রোহিত যাদব দারুণভাবে পূরণ করেছেন। দুজনেই পোডিয়ামে জায়গা করে নিয়েছেন (Asian Games 2026)। তবে শ্রীলঙ্কার তারকা রুমেশ ৮৮.৫৫ মিটার থ্রো করে সোনা জিতে নিয়েছেন। এর আগে কমনওয়েলথ গেমসেও তিনি নীরজকে টপকে সোনা জিতেছিলেন।
এশিয়ান গেমসের জ্যাভলিন ফাইনালে যশবীর নিজের শেষ চেষ্টায় ৮৫.৭২ মিটার থ্রো করেন। এটি তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স, যার সুবাদে তিনি রুপো জেতেন। অন্যদিকে, রোহিত যাদব ৮৪.৩৫ মিটার থ্রো করে ব্রোঞ্জ নিশ্চিত করেন। তিনি প্রথম রাউন্ডে ৭৭.২৫ মিটার দিয়ে শুরু করেছিলেন। এরপর তিনি দ্বিতীয় রাউন্ডে ৮২.৪০ মিটার এবং তৃতীয় রাউন্ডে ৮৪.৩৫ মিটার থ্রো করেন। শেষ চেষ্টায় তিনি ফাউল করলেও, তাঁর ৮৪.৩৫ মিটারের থ্রো-ই পোডিয়ামে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল।
রুমেশ ইনস্টাগ্রামে রোহিতের সঙ্গে জার্সি বদলের একটি ছবি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, "ভারতের জ্যাভলিন চ্যাম্পিয়ন রোহিতের সঙ্গে।" রুমেশ এখনও পর্যন্ত অংশ নেওয়া ১৪টি ইভেন্টের মধ্যে ১৩টিতেই জিতেছেন। ২০২৬ সালের ৪ জুন রোম ডায়মন্ড লিগে তিনি ৯২.৬২ মিটার থ্রো করে মরশুমের সেরা পারফরম্যান্স করেন। রুমেশ জ্যাভলিনে এখন নিজের আধিপত্য বিস্তার করেছেন। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া এবং পাকিস্তানের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিমের পর, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে এই জয় তাঁকে এশিয়ার নতুন জ্যাভলিন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।