
বৃহস্পতিবার ওয়াংখেড়েতে মহারণ
বৃহস্পতিবার চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ হতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে অতীতে অনেকবার ভারত-ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ হয়েছে। তবে বৃহস্পতিবারের ম্যাচ সম্পূর্ণ আলাদা। টি-২০ বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে খেলতে নামছে দুই দল। ফলে ওয়াংখেড়েতে জমজমাট লড়াই হতে চলেছে।
ওয়াংখেড়েতে দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষা
ভারত ও ইংল্যান্ড চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে। দুই দলই ছয়টি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে দুই দলই অসাধারণ ফর্মে। বৃহস্পতিবার ফের দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষা। ভারতীয় দল টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলতে নামছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সহজ না-ও হতে পারে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।
চতুর্থ ফাইনালের অপেক্ষা
ভারত ও ইংল্যান্ড চতুর্থবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর অপেক্ষায় বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে। দুই দলই এখনও পর্যন্ত তিনবার করে টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলে দু'বার করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় দল গতবারের চ্যাম্পিয়ন। ইংল্যান্ড শেষবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে ২০২২ সালে।
ফের ভারত-ইংল্যান্ড লড়াই
টি-২০ বিশ্বকাপে টানা তৃতীয়বার সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই হতে চলেছে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে অ্যাডিলেডে (Adelaide) ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে জর্জটাউনে (Georgetown) মধুর প্রতিশোধ নেয় ভারত। সেই ম্যাচে ৬৮ রানে জয় পান রোহিত শর্মারা (Rohit Sharma)। ফের জয়ের লক্ষ্যে ভারত।
ওয়াংখেড়ের পরিসংখ্যান কী বলছে?
ভারতীয় দল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত সাতবার টি-২০ ম্যাচ খেলেছে। এই সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই জয় পেয়েছে ভারত। হার মাত্র দুই ম্যাচে। এই স্টেডিয়ামে টি-২০ ম্যাচে ভারতের সবচেয়ে বেশি রান ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সেই ম্যাচে নয় উইকেট হারিয়ে ২৪৭ রান করে ভারত। এই স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর নয় উইকেট হারিয়ে ১৬১। ৭ ফেব্রুয়ারি চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই রান করে ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সেই ম্যাচে ১৫০ রানে জয় পায় ভারত। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পায় ভারত। এটাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরে ব্যাটিং করতে নেমে সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের। ওয়াংখেড়েতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৬ সালের ৩১ মার্চ ভারতের বিরুদ্ধে সাত উইকেটে জয় পায় ক্যারিবিয়ানরা। ওয়াংখেড়েতে টি-২০ ফর্ম্যাটে ভারতের সবচেয়ে কম রানে জয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০২৩ সালের ৩ জানুয়ারি সেই ম্যাচে দুই রানে জয় পায় ভারতীয় দল।
অভিষেক শর্মার দিকে তাকিয়ে দল
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৫৪ বলে ১৩৫ রান রয়েছে অভিষেক শর্মার। এই স্টেডিয়ামে তাঁর স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। দুই ম্যাচ খেলে ২৪৫.৪৫ স্ট্রাইক রেটে ১৩৫ রান করেছেন তিনি। এই স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে একমাত্র অভিষেকই শতরান করেছেন। চলতি টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ওয়াংখেড়েতে ফের জ্বলে উঠতে তৈরি অভিষেক।
ফের ছক্কা মারতে তৈরি অভিষেক শর্মা
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত দু'টি টি-২০ ম্যাচ খেলে ১৩টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ৫৪ বলে ১৩৫ রান করার পথে ১৩টি ছক্কা মারেন ভারতীয় দলের তরুণ ওপেনার। তিনি বৃহস্পতিবার ফের অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিতে চান।