
Kolkata Knight Riders: চলতি আইপিএল-এর শেষদিকে ঝড় তুলেও প্লে-অফে যাওয়া হল না কলকাতা নাইট রাইডার্সের (kolkata knight riders)। তার মধ্যে গোটা মরশুম জুড়েই চোট সমস্যা ভুগিয়েছে নাইটদের। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে দলের বোলিং বিভাগ (kkr team 2026)।
একদিকে পাওয়া যায়নি বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে। শক্তিশালী দল গড়েও পয়েন্ট টেবিলের ৭ নম্বরে শেষ করেছে কলকাতা। ফলে, একেবারেই খুশি নয় কেকেআর টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে, ৫ জনের পারফরম্যান্সে ভীষণভাবেই অসন্তুষ্ট তারা। ফলে, ছেঁটে ফেলা হতে পারে এই পাঁচ ক্রিকেটারকে।
সেই তালিকায় একেবারেই প্রথমে রয়েছেন অজিঙ্ক রাহানে। পরপর দুটি মরশুমে দলকে নেতৃত্ব দিলেন তিনি। তবে একবারও প্রত্যাশা মতো ফলাফল হয়নি নাইট ব্রিগেডের। পরিস্থিতি অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাহানের দুর্বলতা ধরা পড়েছে একাধিকবার এবং ভুল সিদ্ধান্ত প্রমাণিত হয়েছে। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে কার্যত, ব্যর্থ! ১৪টি ম্যাচে করেছেন মোট ৩৩৫ রান এবং স্ট্রাইক রেট ১৩৫.০৮। সূত্রের খবর, তাঁর উপর একেবারেই খুশি নয় টিম ম্যানেজমেন্ট। আগামী মরশুমে অজিঙ্ক রাহানেকে ছেড়ে দিতে পারে কলকাতা।
এরপরেই রয়েছেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ২৫ কোটি টাকা খরচ করে দলে নিয়েও কোনও লাভ হয়নি। খারাপ পারফরম্যান্স এবং দলের জয়ের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাই নিতে পারেননি গ্রিন। ১৪টি ম্যাচে করেছেন ৩২২ রান। তার মধ্যে আবার প্রথম চারটি ম্যাচে বলও করতে পারেননি। পরের ১০টি ম্যাচে, পেয়েছেন সাত উইকেট। তাই ২৫ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে ধরে রাখার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে।
এই মরশুমে নাইটদের অন্যতম ব্যর্থ ক্রিকেটার হলেন বৈভব অরোরা:। শেষদিকে প্রথম একাদশ থেকেও বাদ পড়েন। পুরো প্রতিযোগিতায় বৈভব পেয়েছেন মাত্র ১১টি উইকেট। ফলে, তাঁকে রেখেও খুব একটা লাভ নেই।
অন্যদিকে, মাথিশা পাথিরানাকেও ১৮ কোটি টাকা দিয়ে কিনেও কোনও লাভ হয়নি। চোটের জন্য আইপিএল-এর প্রথমদিকে দলের সঙ্গে যোগই দিতে পারেননি এই শ্রীলঙ্কান জোরে বোলার। তারপর যোগ দিলেও ফিটনেস সমস্যার জেরে তাঁকে খেলানো যায়নি। যদিও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাথিরানাকে নামানো হয়। কিন্তু ১.২ ওভার বল করার পর, ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তাই তাঁকে আগামী মরশুমে সম্ভবত ছেড়ে দেবে কলকাতা।
আরেকজন বেশ ভালোমতোই কলকাতাকে ডুবিয়েছেন। তিনি হলেন রমনদীপ সিং। গোটা প্রতিযোগিতায় মাত্র ৮টি চার এবং ২টি ছয় মেরেছেন। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে তাঁর স্ট্রাইক রেট ১২০.৫৮। কার্যত, অচল! তাই তাঁকেও আর রাখা যাবে না। বাদ যেতে পারেন দল থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।