
Virat Kohli Record: বয়স বাড়লে অন্য খেলোয়াড়রা মন্থর হয়ে যান, প্রতিবর্ত ক্রিয়া কমে যায়, দৌড়ের গতি কমে যায়, ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা আগের মতো থাকে না, ব্যাটিংয়ের দক্ষতাতেও মরচে পড়ে। কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ঘটনা দেখা যাচ্ছে। বয়স বড় বাড়ছে ততই যেন আরও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই কিংবদন্তি। ২০০৮ সাল থেকে আইপিএল-এ (IPL 2008) খেলছেন বিরাট। ১৮ বছর পর রবিবার আইপিএল ফাইনালে (IPL 2026 Final) ব্যক্তিগত দ্রুততম অর্ধশতরান করলেন এই তারকা ব্যাটার। এদিন তিনি ২৫ বলে অর্ধশতরান পূরণ করেন। এর আগে ২০১৮ সালে তিনি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান করেছিলেন। আট বছর পর তার চেয়ে কম বলে অর্ধশতরান পূরণ করলেন বিরাট।
এদিন ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থাকলেন বিরাট। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। বেঙ্গালুরুর অন্য কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। ওপেন করতে নেমে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে ম্যাচের শেষপর্যন্ত ক্রিজে থেকে ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন বিরাট। তাঁর অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল আরসিবি।
আইপিএল-এর ইতিহাসে তৃতীয় দল হিসেবে পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হল আরসিবি। প্রথম দল হিসেবে এই নজির গড়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এরপর সেই নজির স্পর্শ করে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এবার আরসিবি-কে এই নজির গড়তে সাহায্য করলেন বিরাট। আইপিএল-এর প্রথম ১৭ মরসুমে খেতাব জিততে পারেনি আরসিবি। তারপরেই সব হিসেব বদলে গেল। এখন আর কোনও দল আরসিবি-কে কটাক্ষ করতে পারবে না। গতবারের খেতাব জয়কে ফ্লুকও বলা যাবে না। কারণ, এবারও খেতাব জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল আরসিবি। আইপিএল-এ অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি বিরাট। তিনি দলের প্রতি ভালোবাসার পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।