
East Bengal Club News: শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। তার আগে মহিলা সমর্থকদের দীর্ঘদিনের সমস্যা মেটানোর জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের মাঠেও নিয়মিত ম্যাচ দেখতে আসেন অনেক মহিলা। সাধারণ গ্যালারির নীচে শৌচাগার না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। বুধবার এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লাল-হলুদের শীর্ষকর্তা মহিলা সমর্থকদের এই সমস্যা প্রসঙ্গে বললেন, 'আমাদের সদস্য গ্যালারির কাছে শৌচাগার আছে। সাধারণ গ্যালারির দিকটা আমাদের আওতায় নেই। তবে ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করাই যেতে পারে।' ময়দান সেনাবাহিনীর (Indian Army) অধীনে। গ্যালারি রাজ্য সরকারের পূর্ত দফতরের আওতায়। এই কারণেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কিছু করা সম্ভব নয়। রাজ্য সরকার চাইলে মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করতে পারে।
কয়েকদিন আগে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংক্রান্ত সমস্যা নিয়ে ব্যঙ্গ করে মোহনবাগান (Mohun Bagan Athletic Club) সভাপতি দেবাশিস দত্ত বলেন, 'আমাদের বউ বদল করতে হয় না।' সেই মন্তব্যের জবাব দিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বললেন, 'এই মন্তব্য করে উনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানেরই অসম্মান করছেন। নিজেদের রুচি, সংস্কৃতির পরিচয় দিয়েছেন। আমরা তো বলছি না, ক্লাব বিক্রি করে দিয়েছেন। আমরা তো বলছি না, সমর্থকদের অন্ধকারে রেখেছেন। আমরা তো বলছি না, সমর্থকদের ঠকিয়েছেন। এসব আমাদের সংস্কৃতি নয়। আমরা এই ধরনের কথা বলি না।'
মরসুম শুরু হয়ে গেলেও, এখনও ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থার নাম ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে শীর্ষকর্তা বললেন, 'ক্লাব এ বিষয়ে ভাবছে। সংবাদমাধ্যমের ভাবার দরকার নেই। একটা কথা বলতে পারি, কারও প্রাপ্য টাকা বাকি থাকবে না।' এবারের দল নিয়ে খুশি দেবব্রত। তাঁর আশা, সদস্য-সমর্থকরা যে ফল চান, এবার কোচ-ফুটবলাররা সেই ফল করতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।