
East Bengal FC vs United Sports Club: কয়েক বছর আগে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সর্বময় কর্তা নবাব ভট্টাচার্যকে বিশেষ পুরস্কার দিয়েছিল মোহনবাগান ক্লাব (Mohun Bagan Super Giant)। এবার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026) চ্যাম্পিয়ন হলে ইউনাইটেড স্পোর্টসের ফুটবলারদেরও ধন্যবাদ জানাতে পারে সবুজ-মেরুন শিবির। কারণ, শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টকে লিগ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে বিরাট সুবিধা পাইয়ে দিল ইউনাইটেড স্পোর্টস। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে গোলশূন্য ড্র করল নবাবের দল। গত মরসুমে শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ হারিয়েই কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। কিন্তু এবার সুপার সিক্স বা চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল লাল-হলুদ ব্রিগেড। ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।
বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ হারিয়ে আপাতত শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার ভবানীপুুর ক্লাবকে ২-০ হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। ড্র করে তিন নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল। আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রুপ পর্যায়ের পয়েন্ট সুপার সিক্সের পয়েন্টের সঙ্গে যোগ হবে না। ফলে এদিন পয়েন্ট নষ্ট করে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।
বৃহস্পতিবার থেকে হঠাৎই ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রধান কোচ অস্কার ব্রুজোঁকে (Óscar Bruzón) নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইস্টবেঙ্গলের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে প্রাক্তন কোচের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলা হলেও, সেই পোস্টেই এক মন্তব্যের মাধ্যমে ম্যানেজমেন্টকে আক্রমণ করেছেন অস্কার। তাঁর এই মন্তব্য ঘিরে এখন কলকাতার ফুটবল মহল সরগরম। এরই মধ্যে শুক্রবার পয়েন্ট নষ্ট হল। ফলে দলের উপর এই বিতর্কের নেতিবাচক প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে লাল-হলুদ শিবিরে আলোচনা শুরু হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।