FIFA World Cup 2026: বোতল নিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে, কিনেই খেতে হবে জল! ক্ষুব্ধ সমর্থকরা

Published : Jun 04, 2026, 01:25 PM IST
No Water Bottles Allowed Inside Stadiums

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: বিশ্বকাপ শুরু হতে কয়েকদিন বাকি। তার মধ্যেই বড় সিদ্ধান্ত ফিফার। বিশ্বকাপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।এবার থেকে কোনও সমর্থকই পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

FIFA World Cup 2026: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ফিফা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। এবার থেকে কোনও সমর্থকই পুনর্ব্যবহারযোগ্য বা রিফিলযোগ্য জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। ফিফার এই শেষ মুহূর্তের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। প্রসঙ্গত, গত মে মাসের মাঝামাঝি পর্যন্ত ফিফার নির্দেশিকায় বলা হয়েছিল, দর্শকরা এক লিটার পর্যন্ত স্বচ্ছ ও খালি প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য বোতল সঙ্গে আনতে পারবেন। স্টেডিয়ামের ভিতরে থাকা জল সরবরাহ কেন্দ্র বা ফাউন্টেন থেকে সেই বোতল ভরে নেওয়ারও অনুমতি ছিল। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগে সেই নীতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।

কোনও ধরনের পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল স্টেডিয়ামের ভিতরে আনা যাবে না

ফিফার সংশোধিত স্টেডিয়াম কোড অব কন্ডাক্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, ''কোনও ধরনের পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল স্টেডিয়ামের ভিতরে আনা যাবে না।'' সংস্থার দাবি, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বোতলকে ছুড়ে মারার মতো ঘটনায় যাতে কোনও দর্শক বা খেলোয়াড় আহত না হন, সেই কারণেই এই পদক্ষেপ। তবে ফিফার এই অবস্থান বদলকে ভালভাবে নিচ্ছেন না অনেক সমর্থক। তাঁদের অভিযোগ, নিরাপত্তার যুক্তি দেখানো হলেও এর ফলে দর্শকদের স্টেডিয়ামের ভিতরে বিক্রি হওয়া বোতলজাত জল কিনতে বাধ্য করা হবে। বিশ্বকাপের ম্যাচগুলির সময় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর একাধিক শহরে তাপমাত্রা বেশ উঁচু থাকার সম্ভাবনা রয়েছে। ফলে জলশূন্যতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ম্যাচের মাঝে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা

পরিস্থিতির গুরুত্ব বুঝে ফুটবলারদের জন্য বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। কিন্তু দর্শকদের ক্ষেত্রে নিজেদের জল বহনের সুযোগ না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে পরিবেশবিদদের একাংশের দাবি, এই সিদ্ধান্তের ফলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলের ব্যবহার বাড়বে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর। ফিফার তরফে অবশ্য জানানো হয়েছে, স্টেডিয়ামের ভিতরে সাশ্রয়ী মূল্যে পানীয় জল পাওয়া যাবে। পাশাপাশি মিস্টিং স্টেশন এবং পর্যাপ্ত জলপানের ব্যবস্থাও থাকবে। তবুও শেষ মুহূর্তে নিয়ম পরিবর্তনের কারণে ক্ষোভ বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

মেল পেয়েছেন টিকিটধারীরা

বিশ্বকাপের টিকিট যারা ইতিমধ্যেই কিনে ফেলেছেন তাঁদের ই-মেলের মাধ্যমে নতুন এই নির্দেশিকা জানানো হয়েছে। তাই স্টেডিয়ামে যাওয়ার আগে সর্বশেষ নিয়মাবলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার প্রশ্নে আপস না করার বার্তা দিলেও, ফিফার এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিশ্বকাপের দর্শক অভিজ্ঞতায় কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর ক্রীড়ামহলের।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli Injury: চোট পেয়ে ছিটকে গেলেন কোহলি, আফগানিস্তান সিরিজে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার
Ajker Bangla News live: Annapurna Bhandar - ফর্মে এইসব তথ্য না দিলেও মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? নয়া আপডেট নবান্নের