
Harmanpreet Kaur Records:হরমনপ্রীত কৌরের বড় নজির। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন ভারতীয় অধিনায়িকা। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত তাঁর কেরিয়ারের ৩৫৬তম আন্তর্জাতিক ম্য়াচ খেলতে নামলেন। সেই সুবাদে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়িকা হরমনপ্রীত কৌর। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়ে নিউ জিল্যান্ডের সুজি বেটস (৩৫৫)-কে ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের কোহিনুর 'হ্যারি'। ৩৬ বছরের পঞ্জাবের হরমনপ্রীত দেশের হয়ে ৬টি টেস্ট, ১৬১টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে এই নজির গড়লেন তিনি। সিরিজে ১-০ এগিয়ে থেকে এদিন ক্য়ানবেরায় খেলতে নামে ভারতীয় মহিলা দল।
ভারতীয় মহিলা ক্রিকেট প্রথম বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়িকা হওয়ার নজির গড়া হরমনপ্রীত কৌরের এবার বড় কীর্তি। এদিন ভারতের অধিনায়িকা তাঁর কেরিয়ারে ১৮৯তম আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলতে নামলেন। ২০০৯ সালের মার্চে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্য়াচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন হরমনপ্রীত। এরপর দীর্ঘ ১৭ বছর ধরে টানা দেশের জার্সিতে খেলে চলেছেন। ২০০৯ সালে টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। দেশের জার্সিতে আট হাজারের বেশি রান ও ৭৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০১২ সাল থেকে তিনি দেশের মহিলা দলের অধিনায়িকা হিসাবে বেশ কিছু বড় সাফল্য পেয়েছেন। মহিলা টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে (১৩৩টি) খেলার নজিরও আছে তাঁর।
গত বছর দেশের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে হরমনপ্রীতের নেতৃত্বেই কাপ জেতে ভারতীয় মহিলা দল। সেটাই ছিল প্রথমবার মহিলাদের ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বজয়। দেশের হয়ে টানা ৮৭টি ওয়ানডে ম্য়াচ খেলে বিশ্বরেকর্ড গড়া হরমনপ্রীত আরও বেশ কয়েক বছর খেলতে চান। ব্যাট হাতে বড় ম্যাচ উইনার, বল হাতে ম্য়াচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখার পাশাপাশি অসম্ভব ভাল ফিল্ডারও হলেন হরমনপ্রীত। চলতি বছর হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলাদের টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।